এমডিজির সব লক্ষ্য অর্জন নাও হতে পারে
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের সময়কালের দুই-তৃতীয়াংশ পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। সামনে আছে শেষ চারটি বছর। লক্ষ্য অর্জনে অনেকটা পথ পারি দিলেও নির্ধারিত সময়ে সবগুলো লক্ষ্য অর্জিত না হওয়ার শংকা রয়ে যাচ্ছে। তবে হালনাগাদ তথ্য-উপাত্তের অপর্যাপ্ততায় এ পর্যন্ত (২০১১) প্রকৃত চিত্র অনেকটা অস্পষ্ট।পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) সমপ্রতি ২০১১ সাল পর্যন্ত এমজিডি অর্জনের সর্বশেষ অগ্রগতি যে প্রতিবেদন তৈরি করেছে, তা থেকে এরকম ধারণাই পাওয়া গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, দাতাদের সর্বাত্মক সহায়তা ছাড়া ২০১৫ সালের মধ্যে সবগুলো লক্ষ্য অর্জন সম্ভব নাও হতে পারে। এমডিজি কী: বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসন কর্মসূচিকে গতিশীল করার জন্য ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সহস্রাব্দ শীর্ষ বৈঠকে কয়েকটি লক্ষ্য স্থির করা হয় যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস) বা এমডিজি নামে পরিচিত। এমডিজি ঘোষণায় জাতিসংঘের ১৮৯টি সদস্য রাষ্ট্র স্বাক্ষর প্রদান করার মাধ্যমে ২০১৫ সালের মধ্যে এসব লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদার করার অঙ্গীকার প্রদান করে।এমডিজির আটটি প্রধান লক্ষ্য রয়েছে। ২০১৫ সালের মধ্যে যা অর্জন করতে চাওয়া হচ্ছে, প্রধান লক্ষ্যগুলো হলো বৃহত্তর আঙ্গিকে তার প্রকাশ। এই লক্ষ্যগুলোকে সুর্নিদিষ্টভাবে অর্জন করার জন্য তাই নির্ধারণ করা হয়েছে মোট ২১টি লক্ষ্যমাত্রা । আর লক্ষ্যমাত্রাগুলোকে সুস্পস্টভাবে যাচাই করার জন্য নির্ধারণ করা হয়েছে ৬০টি সূচক। তবে প্রথম অবস্থায় লক্ষ্যমাত্রা ছিল ১৮টি ও সূচক ছিল ৪৮টি। ২০০৬ সালে নতুন তিনটি লক্ষ্যমাত্রা যুক্ত করা হয়। একই সঙ্গে যুক্ত হয় ১১টি সূচক। পাঁচটি হালনাগাদ করা হয়।বাংলাদেশের চাল-চিত্র: বাংলাদেশের সর্বশেষ যে চিত্র পাওয়া যায়, তাতে দেখা যায় যে সাতটি সূচক নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে আর ১১টি সূচক লক্ষ্য অর্জনের ধারায় রয়েছে। এমডিজি’র প্রথম লক্ষ্য হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ। ১৯৯০-১৯৯১ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিলো ৫৬ দশমিক ৬০ শতাংশ যা ২০১৫ সালে শতকরা ২৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে দারিদ্র্য নেমে এসেছে সাড়ে ৩১ শতাংশে। আয়বৈষম্য ও নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে কম অংশীদারিত্ব দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে রয়ে গেছে। দ্বিতীয় লক্ষ্য সার্বজনীন প্রাথমিক শিক্ষা। এতে ২০১৫ সাল নাগাদ শতভাগ ভর্তির লক্ষ্যমাত্রার বিপরীতে বর্তমান অর্জন (২০১০) ৯৪ দশমিক ৯ শতাংশ। তবে ১৫-২৪ বছরবয়সীীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে মনোনিবেশ না করলে এমডিজি অর্জন বাধাগ্রস্ত হবে।শিক্ষাখাতে বাধাগুলো হলো প্রান্তিক জনগোষ্ঠীর নিকট শিক্ষা-সেবা পৌঁছানো, প্রাথমিক শিক্ষার মান নিশ্চিতকরণ, সরকারের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের অনুপাত বাড়ানো, প্রাথমিক শিক্ষায় ভর্তির বাধাসমূহ দূর করা এবং কিশোর-কিশোরী ও বয়স্ক শিক্ষার আওতা ও মান বৃদ্ধি করা। তৃতীয় লক্ষ্য হলো নারী-পুরুষ সমতা অর্জন এবং নারীর ক্ষমতায়ন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নারী-পুরুষের শিক্ষায় সমতা আসলেও উচ্চশিক্ষায় এখনো পিছিয়ে রয়েছে। এই লক্ষ্যের পথে অর্ধেক যাত্রাও সম্পন্ন হয়নি। এছাড়া কৃষিবহির্ভূত খাতে নারী শ্রমিকের অংশগ্রহণ লক্ষ্যমাত্রার অর্ধেকও হয়নি। জাতীয় সংসদে নারীদের অংশগ্রহন লক্ষ্যমাত্রার দুই-তৃতীয়াংশ অর্জিত হয়েছে। চর্তুথ লক্ষ্য হলো শিশু মৃত্যু হার কমানো। ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ছিলো প্রতি হাজারে ১৪৬। এটি ২০১৫ সালে ৪৮ জনে নামিয়ে আনার কথা। বর্তমান অর্জন (২০১০) ৫০ জন। তবে উদ্বেগজনক বিষয় হলো নবজাতকের মৃত্যু হার হ্রাস পাচ্ছে খুব ধীরগতিতে। পঞ্চম লক্ষ্য হলো মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন। ২০০১ সালে প্রতি লাখ শিশু জন্মে মাতৃমৃত্যুর হার ছিলো ৩২২ যা ২০১০ সালে হয়েছে ১৯৪ জন। তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারীদের সমন্বয়হীনতা স্বাস্থ্য সেবা প্রদানকারী জনবলের স্বল্পতা, স্বাস্থ্য থাকে সরকারি বাজেট বরাদ্দে অপ্রতুলতা, অপ্রতুল তথ্য নির্ভর পরিকল্পনা, বাল্যবিবাহ, কম বয়সে গর্ভধারণ ইত্যাদি সমস্যা চূড়ান্ত লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাড়াতে পারে। ষষ্ঠ লক্ষ্য হলো এইচআইভি/এইডস, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগব্যাধি দমন। বাংলাদেশে এইচআইভি’র প্রাদুর্ভাব এখনও অনেক কম, যা বর্তমানে শূন্য দশমিক ১ শতাংশেরও কম। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মধ্যে কনডম এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তার পরেও দেশে এইচআইভি’র ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সপ্তম লক্ষ্য পরিবেশ স্থিতিশীলতা নিশ্চিতকরণ। ২০১৫ সালের মধ্যে এই লক্ষ্য অর্জনে ১০ সূচকের মধ্যে সাতটি সূচক এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে। অষ্টম লক্ষ্য হলো সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা। বাংলাদেশ একবিংশ শতাব্দির প্রথম দশকে বছরে গড় বার্ষিক বিদেশি অনুদান ও ঋণ সহায়তা পেয়েছে ১৫৪ কোটি ডলার। এটি প্রয়োজনের তুলনায় নগণ্য। সহস্রাব্দ লক্ষ্য অর্জনে বার্ষিক ৩০০ থেকে ৫০০ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। দাতাদের পর্যপ্ত সহযোগিতা পেলে ২০১৫ সালের মধ্যে সবকটি লক্ষ্য অর্জন সহজতর হবে।