এমডির অধীনে আনা হলো আইসিসি বিভাগ
ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) নীতিমালা জারির ছয় মাসের মাথায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে কোনো ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ (আইসিসিডি) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অধীনেই থাকবে। জানা গেছে, ব্যাংকের এমডিদের চাপে নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালা পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। তবে ব্যাংকের নিরীক্ষা বিভাগকে আগের মতোই স্বাধীন রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলেন, ব্যাংক কোম্পানি আইনে শুধু অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রমকে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্বাধীন রাখা হয়েছে। অধিকতর তদারকির জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকেও স্বাধীন রাখা হয়েছিল। এ বিভাগের প্রধান নিয়োগ দিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন রাখারও বিধান করা হয়েছিল। তবে ব্যাংকের এমডিরা তাতে আপত্তি তোলেন। তাই নীতিমালায় বড় ধরনের এ পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, আইসিসি অন্য বিভাগের মতোই আলাদা বিভাগ হিসেবে কাজ করবে ও ব্যাংকের পরিচালনা কার্যক্রমে যুক্ত থাকতে পারবে। আগের নীতিমালায় আইসিসিকে পৃথক স্বাধীন ও ব্যাংক কোম্পানি আইনের ১৫(গ) ধারা অনুযায়ী স্বাধীনতা দেওয়া হয়েছিল। সংশোধিত নীতিমালায়, আইসিসি প্রধানকে নিরীক্ষা কমিটির কাছে অবাধ প্রতিবেদন দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। এ ছাড়া আইসিসি প্রধানের নিয়োগ, পদায়ন, বদলি, চাকরিচ্যুত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিসি প্রধানের পদ সংশোধন করে দুই ধাপ নিচে করা হয়েছে। আগের নীতিমালায় আইসিসি বিভাগের প্রধান নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং পদটি ছিল এমডির এক ধাপ নিচে।
সংশোধিত নীতিমালায় আইসিসি প্রধানকে সিনিয়র ব্যবস্থাপনার জবাবদিহির আওতায় আনা হয়েছে। আগের নীতিমালার আওতায় আইসিসি প্রধান সরাসরি নিরীক্ষা কমিটির কাছে জবাবদিহি ও কার্যক্রম দাখিল করার বিধান ছিল।
ব্যাংক কোম্পানি আইনের ১৫(গ) ধারা বাস্তবায়নের নির্দেশনা দিয়ে গত ৮ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন (আইসিসি) নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ব্যাংকে একটি আইসিসিডি থাকবে। এ বিভাগের প্রধান হিসেবে একজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদমর্যাদার ব্যক্তি থাকবেন। বিভাগের কাজে ব্যাংকের এমডি কোনো হস্তক্ষেপ করতে পারবেন না।