এমব্রয়ডারি শিল্পনগর স্থাপন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শতভাগ রপ্তানিমুখী এমব্রয়ডারি শিল্পের জন্য আলাদা শিল্পনগর স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ এমব্রয়ডারি প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিইএমইএ)। একই সঙ্গে সরঞ্জাম আমদানিতে ঋণপত্রের উল্লিখিত মূল্যের ২৫ শতাংশ শুল্কমুক্ত আমদানিসুবিধা দেওয়ারও দাবি করেছে সংগঠনটি।সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা গতকাল বুধবার বিকেলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এসব দাবি জানান। ওই বৈঠকে সমিতির সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান হাবিব দুলাল, জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম এ মুকিত, সহসভাপতি আমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ইসহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন।এমব্রয়ডারি সমিতির নেতারা বলেন, বর্তমানে দেশে প্রায় দুই হাজারের বেশি এমব্রয়ডারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এ খাতের প্রায় ৯৫ শতাংশ কাঁচামাল স্থানীয়ভাবেই সংগ্রহ করা হয়। তৈরি পোশাকের সৌন্দর্য বাড়িয়ে মূল্য সংযোজনের ক্ষেত্রে এ খাত ভূমিকা রাখছে। এমব্রয়ডারি শিল্প খাতে প্রায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ রয়েছে। প্রতিবছর এ শিল্প খাত থেকে ১০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। দেশীয় কাঁচামালনির্ভর এ শিল্পে দেড় লাখের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। সমিতির নেতারা এমব্রয়ডারি খাতের মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ডেফার্ড এলসির মেয়াদ ৩৬০ দিন থেকে বাড়িয়ে ৭২০ দিন করা, কম্পিউটারাইজড এমব্রয়ডারি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূল নতুন ট্রেড লাইসেন্স ইস্যু এবং পুরোনো লাইসেন্স নবায়নে সমিতির সদস্য সনদ নেওয়া বাধ্যতামূলক করার দাবি জানান।দিলীপ বড়ুয়া বলেন, শ্রমঘন দেশীয় শিল্প হিসেবে সরকার এমব্রয়ডারি শিল্পের উন্নয়নে সব ধরনের নীতি-সহায়তা দেবে। এমব্রয়ডারি শিল্পনগর স্থাপনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।