এমসিসিআইয়ের নতুন সভাপতি নাসিম মঞ্জুর

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর ২০১৫ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংগঠনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস এ খান।
নাসিম মঞ্জুর বর্তমানে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেরও সভাপতি। তাঁর বিনিয়োগকৃত অন্য কোম্পানিগুলো হচ্ছে এপেক্স ট্যানারি, এপেক্স ফার্মা, এপেক্স ইনভেস্টমেন্ট, ব্লু-ওসেন ফুটওয়্যার, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ, কোয়ান্টাম কনজ্যুমারস সলিউশনস। বর্তমানে তিনি বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের পরিচালক এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের স্বতন্ত্র পরিচালক।
আনিস এ খান এর আগে আইডিএলসি ফাইন্যান্সের এমডি ও সিইও ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন ব্যাংকে চাকরি করেন। তিনি প্রাইমারি ডিলারস বাংলাদেশের চেয়ারম্যান; অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং বিআইবিএমের পর্ষদ সদস্য।
এমসিসিআইয়ের নবনির্বাচিত পর্ষদের সদস্যরা হলেন কুস্টিয়া কোল্ডস্টোরেজের এমডি সৈয়দ তারেক মো. আলী, অ্যাডভান্সড কেমিক্যালস ইন্ডাস্ট্রিজের (এসিআই) চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, কেঅ্যান্ডকিউর (বাংলাদেশ) এমডি তাবিত এম আওয়াল, ন্যুভিসটা ফার্মার চেয়ারম্যান ও এমডি আখতার মতিন চৌধুরী, এসকেএফ বাংলাদেশের এমডি ও সিইও সিমীন হোসেন, পিকার্ড বাংলাদেশের এমডি মো. সাইফুল ইসলাম, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার নিহাদ কবির, টেকনোহ্যাভেন কোম্পানির এমডি হাবিবুল্লাহ এন করিম, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব এইচ খান, পূবালী জুট মিলসের এমডি কামরান টি রহমান ও বিডি ভেঞ্চারের ভাইস চেয়ারম্যান মামুন রশীদ।