এমসিসিআইয়ের নতুন সভাপতি নিহাদ কবির

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের জ্যেষ্ঠ অংশীদার ব্যারিস্টার নিহাদ কবির। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন সংগঠনটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালের জন্য নির্বাচিত হন তাঁরা।
নিহাদ কবির বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি দেশের শীর্ষস্থানীয় চা-কোম্পানি কেদারপুর টি কোম্পানি, দৈনিক সংবাদ, ব্র্যাক ব্যাংক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিকাশের পরিচালক। এ ছাড়া তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও এপেক্স ফুটওয়্যারের স্বতন্ত্র পরিচালক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সভাপতি।
গোলাম মাইনুদ্দিন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনেরও (বিইএফ) সহসভাপতি। এ ছাড়া তিনি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড ও এপেক্স ফুটওয়্যারের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) পরিচালক।
এমসিসিআইয়ের নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে) এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, কেঅ্যান্ডকিউর (বাংলাদেশ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাবিথ এম আউয়াল, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, এসকেএফ বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি সিমিন হোসেন, রাঙামাটি ওয়াটারফ্রন্টের চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম, আইসিই টেকনোলজিসের এমডি রুবাইয়াত জামিল, টেকনোহ্যাভেন কোম্পানির এমডি হাবিবুল্লাহ এন করিম, এম জে আবেদীন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের সিইও ফ্রাঁসোয়া ডে ম্যারিকো। বিজ্ঞপ্তি