এমসিসিআইয়ের প্রত্যাশা বাজারসুবিধা ও অশুল্ক বাধাগুলো অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবেন। এই সফরে বাংলাদেশি ব্যবসায়ীদের বহু প্রতীক্ষিত ৬১টি পণ্যের ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ তৈরি হবে বলে আশাবাদী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।এমসিসিআই আরও আশা করে, ভারতের প্রধানমন্ত্রী সে দেশের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে শুল্ক, আধা-শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণের বিষয়ে সম্মত হবেন।গতকাল এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব আশাবাদ প্রকাশ করা হয়েছে। এতে এমসিসিআই আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে বিপুলভাবে সাধুবাদ জানিয়েছে। এমসিসিআই এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১০ সালের জানুয়ারি মাসে ভারত সফরের তাৎপর্যপূর্ণ ঘটনাটি উল্লেখ করে বলেছে, এই সফরই আঞ্চলিক সহযোগিতার সূচনা ঘটায়।এমসিসিআই বলছে, সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রসচিব ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর প্রত্যাশিত সফর এই ইঙ্গিত বহন করে যে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকালে বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ এবং ভারত ও বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভুটানের পণ্যবাহী যান চলাচলের জন্য দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী মহল আশা করে যে, বিনিয়োগ ও উন্নয়ন সংরক্ষণ চুক্তির ফলে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়বে। আর ভুটানের যান ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে চলাচলের অনুমতিদান এই অঞ্চলের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যে অগ্রগতি সাধিত হবে। গত বছর অক্টোবর মাসে নেপালকেও এই সুবিধা দেওয়া হয়েছে। এমসিসিআই মনে করে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে একটি অবকাঠামো চুক্তি সম্পাদনের মাধ্যমে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে এই অঞ্চলের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ সম্ভব।ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে ট্রানজিট, ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ উৎপাদনে যৌথ বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি, বাণিজ্য উদারীকরণ, সীমান্তে বাংলাদেশি হত্যা রোধসহ বহু বিষয়ই সম্ভাবনার তালিকায় আছে বলে মনে করে এমসিসিআই।এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরকালে অভিন্ন তিস্তা ও ফেনী নদীর পানির হিস্যা এবং স্থলবন্দরের অবকাঠামোর চুক্তি সম্পাদিত হবে বলে দুই দেশে যে প্রত্যয় ব্যক্ত করেছে, এমসিসিআই তাকে স্বাগত জানিয়েছে। এমসিসিআই ও ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে কয়েক বছর ধরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের জন্য যে চেষ্টা চালিয়ে আসছে, তা এই সময় সফলতার মুখ দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে এমসিসিআই।