এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সন্ধ্যায় বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমারেল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা মূল্যের দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে প্রতিষ্ঠানটি মেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এমারেল্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৮৫ টাকা এবং প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪.০৬ টাকা। এই প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
এ দিকে গত ২৩ এপ্রিল ফু-ওয়াং সিরামিক লিমিটেডের দুই হাজার শেয়ার সর্ট সেল করার অভিযোগে ডিএসইর সদস্য ব্রোকার আরএন ট্রেডিং লিমিটেড এবং ১৫ মে সামিট পাওয়ারের দুই হাজার শেয়ার সর্ট সেল করার অভিযোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ব্রোকার জালালাবাদ সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে আজকের সভায়।