এমিরেটস দৈনিক চারটি বিমান চালাতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের নবনিযুক্ত আঞ্চলিক ব্যবস্থাপক সতীশ শেঠি বলেছেন, এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দুবাই রুটে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে এই রুটে ভবিষ্যতে প্রতিদিন চারটি অর্থাৎ সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশে যোগদান উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে প্রথম সংবাদ সম্মেলনে শেঠি এসব কথা বলেন। এ সময় এমিরেটস এয়ারলাইনের দুবাইয়ের মিডিয়া রিলেশনস ব্যবস্থাপক সিয়োভান বারডে উপস্থিত ছিলেন।সতীশ শেঠি বলেন, দুবাই ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য ইলেকট্রনিক ভিসাপ্রাপ্তি সহজতর করায় দুই দিনেই ভিসা মিলছে। এ পদ্ধতি চালু হওয়ার পর আবেদনকারীর সংখ্যা ৩০০ শতাংশ বেড়েছে। সংবাদ সম্মেলনে দুবাই ভ্রমণকারীদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করা হয়, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এতে ঢাকা থেকে যেসব যাত্রী বৃহস্পতিবার বা শুক্রবার দুবাই গিয়ে শনিবার বা রোববার ফিরবেন, তাঁরা হ্রাসকৃত মূল্যে টিকিট পাবেন।সতীশ শেঠি আরও জানান, আগামী বছর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ১৪ জাতি আইসিসি বিশ্বকাপকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ঢাকা ভ্রমণ করবেন। ঢাকায় আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আনুষ্ঠানিক অংশীদার হিসেবে এমিরেটস আইসিসি কর্মকর্তা, আইসিসি আম্পায়ার ও রেফারিদের নিয়ে গঠিত এমিরেটস এলিট প্যানেলের সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ঢাকা বহন করে নিয়ে আসবে।