এয়ারটেলের থ্রিজি-সেবা এখন টাঙ্গাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে চালু হয়েছে এয়ারটেলের থ্রিজি-সেবা।
টাঙ্গাইলে চালু হয়েছে এয়ারটেলের থ্রিজি-সেবা।

টাঙ্গাইলে থ্রিজি-সেবা চালু করেছে দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে আজ বুধবার টাঙ্গাইল শহরে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে প্রতিষ্ঠানটি।


এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইলের গ্রাহকদের কাছে এয়ারটেলের থ্রিজি-সেবা পৌঁছে দিতে পেরে এয়ারটেল খুবই আনন্দিত। এই সেবার মাধ্যমে শহরের শিক্ষা ও সেবা খাতে আরও উন্নতি হবে। নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। গ্রাহকদের সর্বোত্তম থ্রিজি-সেবা নিশ্চিত ও বাংলাদেশের থ্রিজি নেটওয়ার্কের প্রসার ঘটানোর লক্ষ্য এয়ারটেলের।


এয়ারটেল বাংলাদেশ ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজার, রংপুর, চাঁদপুর, মানিকগঞ্জসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান তাদের থ্রিজি-সেবার আওতায় এনেছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইল সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত হবে। এটি টাঙ্গাইলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।


থ্রিজি-সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পিডি শর্মা বলেন, ‘এয়ারটেলে আমরা প্রযুক্তির বিবর্তনের মাধ্যমে মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি, যা আমরা টাঙ্গাইলে বাস্তবায়ন করেছি। এর মাধ্যমে টাঙ্গাইল শহরের মানুষের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নতির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশের সর্বত্র আমাদের থ্রিজি নেটওয়ার্কের প্রসার এবং টাঙ্গাইলে থ্রিজি-সেবা চালুর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রযুক্তির বিবর্তনের ধারায় আরও একধাপ এগিয়ে যাচ্ছি।’

টাঙ্গাইল শহরের শিবনাথপাড়া, ঢাকা রোড, ডায়াবেটিকস হাসপাতাল রোড, কান্দাপাড়া, থানাপাড়া প্রধান সড়ক, আকুর ঠাকুরপাড়া, আবহাওয়া অফিস রোড, সৃষ্টি কোচিং সেন্টার, ময়মনসিংহ রোড, প্যারাডাইস পাড়া প্রভৃতি এলাকায় থ্রিজি সেবা চালু হয়েছে। এয়ারটেলের গ্রাহকেরা *১২১*৭*৪# নম্বরে অথবা ১২১২ নম্বরে ডায়াল করে অথবা (www.bd.airtel.com/airtel3G) ভিজিট করে থ্রিজি কভারেজের আওতাধীন এলাকা সম্পর্কে জানতে পারবেন।

এয়ারটেল বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক বিজনেস ব্যবস্থাপক এম খুরশেদ আলম, আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ শহীদ, টাঙ্গাইল টেরিটরি ব্যবস্থাপক মাসুম প্রামাণিক ও মো. রাজু আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থ্রিজি সেবা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।