এয়ারটেলের সঙ্গী হুয়াওয়েই

এয়ারটেল বাংলাদেশ লিমিটেড দেশে থ্রিজি পরিষেবা চালুর বিষয়ে নেটওয়ার্ক পার্টনার বা অংশীদার হিসেবে গতকাল মঙ্গলবার হুয়াওয়েই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডকে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে। গত রোববার অনুষ্ঠিত থ্রিজি নিলামের মাধ্যমে এয়ারটেল ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে পাঁচ মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ লাইসেন্স পেয়েছে। এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস টবিট বলেন, ‘বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং সেটাকে বিশ্বের সবচেয়ে উন্নত টেলিযোগাযোগ বাজারের সমপর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে থ্রিজি-সেবা এক নতুন অধ্যায়ের সূচনা করবে।’ ক্রিস টবিট আরও বলেন, থ্রিজি-সেবা এ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নানা প্রভাব ফেলতে সক্ষম হবে এবং দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালনে এয়ারটেল বদ্ধপরিকর। এ জন্য হুয়াওয়েইকে অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত।’ বিজ্ঞপ্তি।