এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে ভারতীর চুক্তি সম্পাদনের ঘোষণা
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল সমগ্র বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তির নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যে এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ভারতী আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।এই ঘোষণার আলোকে ভারতী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক স্থাপন ও সহনীয় খরচে সেবা দিয়ে টেলিযোগাযোগ-ব্যবস্থার উন্নতিতে অবদান রাখতে সক্ষম হবে। ভারতী গত জানুয়ারিতে বাংলাদেশের অন্যতম মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ারিদের ৭০ শতাংশ মালিকানা গ্রহণ করে।এরিকসন ও হুয়াওয়ের অত্যাধুনিক নেটওয়ার্কের সাহায্যে ভারতী এখন সহজেই গ্রাহকদের সুস্পষ্ট কথা বলার ও দ্রুত ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে সক্ষম হবে। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে ভারতীর চুক্তির মধ্যে রয়েছে নেটওয়ার্ক ডিজাইন, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট। এ ছাড়া এর ফলে মুঠোফোনের ব্যবসায়িক প্রয়োগ বৃদ্ধি ও এতে আরও বেশি বিনোদনের উপকরণ ব্যবহার সম্ভব হবে। এর পাশাপাশি এতে করে গ্রামাঞ্চলে বিস্তৃত এলাকাজুড়ে মুঠোফোনের সেবা দেওয়া যাবে।এই চুক্তিকে স্বাগত জানিয়ে ভারতীর মুঠোফোন সার্ভিসেসের প্রধান অতুল বিন্দাল বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে ব্যবসায়িক সহযোগীদের লক্ষ্য প্রায় এক। এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে অংশীদারির জন্য আমরা আনন্দিত, কেননা এর ফলে আমরা বাংলাদেশের গ্রাহকদের জন্য সহনীয় খরচে বিশ্বমানের টেলিযোগাযোগ সুবিধা ও দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের সেবা দিতে সক্ষম হব। আমরা মনে করি, এর মাধ্যমে বাংলাদেশ সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার যে কর্মসূচি হাতে নিয়েছে, তা বাস্তবায়নে ভারতী গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।এই চুক্তির ভিত্তিতে নেটওয়ার্কের বেশির ভাগ অংশ তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্ব এরিকসন পালন করবে। সার্কিট ও প্যাকেট কোর নেটওয়ার্ক, পরিবর্তিত এইজ প্রযুক্তির রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক, ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক, মাইক্রোওয়েভ মোবাইল ব্যাকহল ও বিজনেস সাপোর্ট সিস্টেমের উন্নয়ন এরিকসনের দায়িত্বের মধ্যে পড়বে।এ উপলক্ষে এরিকসন বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক হেনরিক নেলসন বলেন, ‘ভারতীর সঙ্গে ১৫ বছরের ব্যবসায়িক সম্পর্ক এরিকসনের কাছে অনেক মূল্যবান। এই সময়কালে মুঠোফোন সেবা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আমরা অভিনব সব পদক্ষেপ নিয়েছি। আর এবার বাংলাদেশে আমাদের অংশীদারির মাধ্যমে সেবার পরিধি গ্রামাঞ্চলে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেব। এতে অনেকের প্রথমবারের মতো মুঠোফোন সেবা ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা হবে।’অন্য নেটওয়ার্ক সহযোগী হুয়াওয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলের পুরোনো রেডিও নেটওয়ার্ক-ব্যবস্থা বদলে অত্যাধুনিক প্রযুক্তির সংযোগ স্থাপন করবে। ভারতে হুয়াওয়ে টেকনোলজির আঞ্চলিক প্রধান নির্বাহী ম্যাক্স ইয়াং বলেন, ‘আমরা বাংলাদেশেও ভারতীর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। এই প্রয়াসটি আমাদের জন্য আরেকটি মাইলফলক এবং আমরা নিরবচ্ছিন্নভাবে উচ্চমানের পণ্যসেবা দিতে অঙ্গীকারাবদ্ধ।’