এরিকসনের ব্যবসায়িক প্রবৃদ্ধি
সুইডেনের বিশ্বখ্যাত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসনের প্রবৃদ্ধি চলতি বছরের সর্বশেষ তিন মাসে চার গুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম হাতে নেওয়ায় এরিকসনের এ ব্যবসায়িক প্রবৃদ্ধি দেখা দিয়েছে বলে বিশ্লেষকেরা মনে করেন। খবর বিবিসি অনলাইনের।এরিকসন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের সর্বশেষ তিন মাসে প্রতিষ্ঠানটির মোট লাভ দাঁড়িয়েছে তিন দশমিক ছয় বিলিয়ন ক্রোনার (৫৪০ মিলিয়ন মার্কিন ডলার ও ৩৪৪ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড)। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক প্রবৃদ্ধি হিসাব করে এ প্রতিবেদন প্রকাশিত হয়। গত বছর একই সময়ে এরিকসনের মোট লাভ ছিল শূন্য দশমিক আট বিলিয়ন ক্রোনার।এককভাবে মুঠোফোনের নেটওয়ার্ক সম্প্রসারণের কাছে নিয়োজিত এরিকসনের বিশেষজ্ঞ ইউনিটটির প্রবৃদ্ধিই এ সময় বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ। যা গত বছর সেপ্টেম্বরে ছিল তিন শতাংশ।তবে লাভ বাড়লেও এ সময় এরিকসনের রাজস্ব বৃদ্ধির হার কিন্তু সে তুলনায় কম। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এরিকসনের রাজস্ব বৃদ্ধি পেয়েছে মাত্র দুই শতাংশ।নেটওয়ার্ক বিভাগের ব্যবসা বৃদ্ধির কারণেই এরিকসনের লাভ বেড়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। এ প্রতিবেদনে আরও বলা হয়, নেটওয়ার্ক বিভাগের পাশাপাশি সনির সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠা এরিকসনের মুঠোফোন সেট নির্মাতা ইউনিট সনি-এরিকসনেরও এ সময়ের মধ্যে ব্যবসা ভালো হয়েছে এবং তারা লাভের মধ্যে রয়েছে।