এল আয়কর দেওয়ার মাস সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল সেপ্টেম্বর মাস, এল আয়কর বিবরণী জমা দেওয়ার মৌসুম। প্রতিবছর সেপ্টেম্বর মাস এলেই আয়কর বিবরণী প্রস্তুত ও দাখিল করার হিড়িক পড়ে যায় কর শনাক্তকারী নম্বরধারীদের (টিআইএন)। আবার সেপ্টেম্বরে করদাতাদের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৎপরতাও বেড়ে যায়। আয়কর দিবস, আয়কর মেলা আয়োজন, শীর্ষ করদাতাদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম শুরু করে দেয় এনবিআর। বিদ্যমান আইন অনুযায়ী, জুলাই মাস থেকেই আয়কর বিবরণী জমা দেওয়া যায়। সেপ্টেম্বর মাস পর্যন্ত আয়কর বিবরণী জমার সময় থাকে। কিন্তু জুলাই ও আগষ্ট এই দুই মাসে খুব একটা আয়কর বিবরণী জমা পড়ে না। চলতি করবর্ষে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত দেড় লাখ আয়কর বিবরণীও জমা পড়েনি বলে জানা গেছে। কাঙ্ক্ষিত আয়কর বিবরণী জমা না পড়ায় প্রতিবছরই সময় বাড়ানো হয়। অন্যদিকে প্রতিবারের মতো আগামী ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস পালন করবে এনবিআর। সেদিন জাতীয় ও জেলাওয়ারি শীর্ষ করদাতাদের সম্মাননা দেবে এনবিআর। এ ছাড়া রাজধানী, বিভাগীয় শহর ও নির্বাচিত জেলা পর্যায়ে আয়কর মেলার আয়োজনও করছে এনবিআর।