কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করবে সামিট করপোরেশন লিমিটেড। নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি) ভিত্তিতে এই টার্মিনাল হবে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০-এর আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান। তবে টার্মিনাল নির্মাণে কত দিন লাগবে তা জানাতে পারেননি তিনি।
ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ২০১৮ সাল থেকে গ্যাস দেবেন বলে এবারের বাজেট বক্তব্যে প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। তখন তিনি বলেন, গ্যাস দেওয়ার আগে এলএনজি আমদানি করা হবে এবং তা রাখার জন্য কক্সবাজারের মহেশখালীতে নির্মাণ করা হবে একটি টার্মিনাল। বাজেটে এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পটিকে দ্রুততম সময়ে বাস্তবায়নযোগ্য বা ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে চিহ্নিত করেন অর্থমন্ত্রী।
প্রাকৃতিক গ্যাস সাধারণ চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। শীতলকরণ (রেফ্রিজারেশন) প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে তা তরলে পরিণত হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসই হচ্ছে এলএনজি। ৬০০ লিটার গ্যাসকে এলএনজিতে রূপান্তরিত করে মাত্র এক লিটারের বোতলে ভরে ফেলা যায় বলে জ্বালানি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ক্রয় কমিটির বৈঠক
এদিকে গতকাল তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ‘নিউ স্কোপ অব ওয়ার্কস’ হিসেবে ৮ কিলোমিটার সংযোগ সড়ক ও কাঠামো নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ২৭০ কোটি টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে ডব্লিউএমসিবি, মীর আকতার ও খাদিম জয়েন্ট ভেঞ্চার।
ক্রয় কমিটি সৌদি আরবের এমএএডিইএন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রথম লটের ২৫ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে। প্রতি টনের দর ৩২৬ দশমিক ২৫ মার্কিন ডলার।
অনুমোদিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে তিতাস নদ পুনঃখননে চারটি প্যাকেজের কাজ। সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে এ কাজ করার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। কাজটির জন্য খরচ হবে ১১৯ কোটি টাকা।
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট প্রকল্পে ১০ তলা ভবনের ৯ তলার নির্মাণকাজে ব্যয় হবে ১৬০ কোটি ১০ লাখ ২৪ হাজার টাকা। কাজটি পেয়েছে মীর আকতার ও ওয়াহিদ কনস্ট্রাকশন।
এ ছাড়া মানিকগঞ্জে ১৭৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ভবনের (৫ তলা হাসপাতালসহ) নির্মাণকাজ পেয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। আশুগঞ্জ ৯৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি ও বর্ধিত মেয়াদের জন্য ট্যারিফ অনুমোদন এবং সাতক্ষীরায় ৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট এইচএফও ফায়ার্ড বিদ্যুৎকেন্দ্রের স্থান বদলে চট্টগ্রামের পটিয়ায় স্থাপন করার প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদিত হয়েছে।