কক্সবাজারের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে দুই সংস্থার মধ্যে চুক্তির খসড়া অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দৈনিক ৫ কোটি ঘনফুট ক্ষমতাসম্পন্ন এই টার্মিনাল তৈরিতে খরচ হবে ১৫৬ কোটি ডলার (প্রতি ডলারের বিনিময়মূল্য ৭৯ টাকা হিসাবে ১২ হাজার ৩২৪ কোটি টাকা)।
সচিবালয়ে গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, পেট্রোবাংলা ও একসিলারেটেড এনার্জি বাংলাদেশ লিমিটেডের মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণে তিনটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
প্রাকৃতিক গ্যাস সাধারণ চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। শীতলকরণ (রেফ্রিজারেশন) প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে তা তরলে পরিণত হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসই হচ্ছে এলএনজি। এলএনজি টার্মিনাল দুই ধরনের হয়ে থাকে। অন-শোর (জমিতে করা হয়) ও অফ-শোর (পানিতে ভাসমান)। এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পটিকে ফাস্ট ট্র্যাক হিসেবে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী।
এদিকে গতকালের বৈঠকে এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তি ছাড়া আরও আটটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। অতিরিক্ত সচিব জানান, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৫০ হাজার টন গম ক্রয়। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এ গম সরবরাহ করবে। প্রতি টনের দাম ধরা হয়েছে ২৩৩ দশমিক ১৭ ডলার।
খাদ্য মন্ত্রণালয়ের আরও তিনটি প্রস্তাব অনুমোদিত হয়েছে বৈঠকে। এর মধ্যে একটি হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ‘আধুনিক খাদ্য সহায়তা প্রকল্পের’ আওতায় ‘সমন্বিত খাদ্যনীতি গবেষণা কর্মসূচি’ শীর্ষক গবেষণার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ। যৌথভাবে এ কাজ পেয়েছে যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট’ এবং ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)’। এতে ব্যয় হবে ৮৫ কোটি ৬৭ লাখ টাকা।
একই প্রকল্পের আওতায় পারিবারিক সাইলো কেনা ও সেবা কাজের জন্য পরামর্শক নিয়োগের দুটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। এটি সরবরাহ করবে মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ। আর সেবা কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড ডিজাইন সার্ভিসেস লিমিটেড এবং অ্যাগ্রিকালচার অ্যাডভাইজার সোসাইটি।
সরকারি অর্থায়নে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য ২৬ ধরনের ওষুধ কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তাতে ব্যয় হবে ১১৮ কোটি ৬৫ লাখ টাকা।
এ ছাড়া আগামী ২০১৭ সালের শিক্ষাবর্ষে মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ও এসএসসি ভোকেশনাল স্তরের জন্য বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। মোট বইয়ের সংখ্যা ৯ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৫৫৩টি। ব্যয় হবে ২২১ কোটি ৫৭ লাখ টাকা।
বৈঠক শেষে আরও জানানো হয়, ৯৪ কোটি টাকা ব্যয়ের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি মহাসড়কের ‘রানীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পের ক্রয় প্রস্তাব এবং ৫০ কোটি টাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি নির্মাণ-সংক্রান্ত কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে।