এলএনজি টার্মিনাল যথাসময়ে হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ২০১৮ সাল থেকে গ্যাস দেবেন বলে বাজেট বক্তব্যে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রক্রিয়া এবং গ্যাস সংরক্ষণে কক্সবাজারের মহেশখালীতে টার্মিনাল নির্মাণ ও সরবরাহে পাইপলাইন স্থাপনের কাজ চূড়ান্ত করার আশা তাঁর।
কিন্তু অর্থমন্ত্রীর প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারছেন না ব্যবসায়ী-শিল্পপতিরা। কারণ এলএনজি আমদানির জন্য সরকার এখনো কোনো দেশের সঙ্গে চুক্তি করতে পারেনি, টার্মিনাল ও পাইপলাইনের নির্মাণ ব্যয়ও ঠিক হয়নি।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী গত ৩১ মে প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি না কবে এলএনজি টার্মিনাল হবে। মনে হয় বাংলাদেশের তদন্তাধীন কিংবা পরিকল্পনাধীন অনেক বিষয়ের মতোই হবে এর অবস্থা।’
প্রাকৃতিক গ্যাস যে চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, সেটাকে শীতলকরণ (রেফ্রিজারেশন) প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে তা তরলে পরিণত হয়। এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসই হচ্ছে এলএনজি। ৬০০ লিটার গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে মাত্র এক লিটারের বোতলে রাখা যায়।
এলএনজি টার্মিনাল দুই ধরনের হয়ে থাকে, অন-শোর (জমিতে) ও অফ-শোর (পানিতে)। অন-শোর টার্মিনাল করতে সাত-আট বছর লাগলেও অফ-শোরে লাগে দুই বছর। অর্থমন্ত্রী জানান, মহেশখালীতে প্রত্যাশিত টার্মিনালে ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার এলএনজি রাখা যাবে।
তবে সময়মতো টার্মিনাল নির্মাণে সন্দিহান অর্থমন্ত্রী নিজেও। যেমন, গত ২৯ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত বাণিজ্য পরামর্শক কমিটির সভায় তিনি জ্বালানিসচিবকে প্রশ্ন করেন, ‘কবে হবে টার্মিনাল?’ জবাবে সচিব ২০১৭ সালের ডিসেম্বরের কথা বললে অর্থমন্ত্রী উপস্থিত ব্যবসায়ীদের সাক্ষী মানেন।
গত বছরের বাজেট বক্তব্যেও অর্থমন্ত্রী বলেছিলেন, ২০১৭ সালের মাঝামাঝি টার্মিনালটির নির্মাণকাজ শেষ করা হবে। এক বছরের ব্যবধানে অর্থমন্ত্রী পিছিয়ে এসেছেন আরও এক বছর। এখন বলছেন, ২০১৮ সালে সংযোগ দিতে পারবেন।
এলএনজি টার্মিনাল নির্মাণকে এবার দ্রুততম সময়ে বাস্তবায়নযোগ্য (ফাস্ট ট্র্যাক) প্রকল্প হিসেবে চিহ্নিত করেছেন মুহিত। ১০ প্রকল্প নিয়ে কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্প: প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা নামে যে পুস্তিকা বের করেছে অর্থ মন্ত্রণালয়, তাতে এটিও রাখা হয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘পদক্ষেপটা ভালো, কিন্তু সময়মতো হবে বলে ভরসা নেই। তাই ২০১৮ সালে গ্যাস পাওয়া যাবে এমন কথার ওপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া কঠিন।’ উচ্চ দামের এলএনজির ওপর ভিত্তি করে কারখানা স্থাপন করলে খরচ বৃদ্ধিরও আশঙ্কা তাঁর।
তপন চৌধুরীও গত ৩১ মে প্রথম আলোকে বলেন, ‘শুনতে পাচ্ছি, এলএনজির দাম তিন-চার গুণ বেশি হবে। বেশি দামের গ্যাসে কি শিল্পকারখানা টিকে থাকবে?’
অর্থ মন্ত্রণালয়ের পুস্তিকায় টার্মিনাল নির্মাণের সময়, খরচ ও গ্যাসের দাম সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে কাতারের সঙ্গে আলোচনা চলছে এবং চুক্তি হলে এলএনজির দাম জানা যাবে বলে জানানো হয়েছে। এতে একবার বলা হয়েছে, ‘টার্মিনাল পরিচালনায় বছরে খরচ হবে ৭৯০ কোটি টাকা।’ আবার বলা হয়েছে, ‘এলএনজি আমদানি ও টার্মিনাল পরিচালনায় বছরে খরচ হবে ২১ হাজার ৩৩০ কোটি টাকা (২৭০ কোটি ডলার) এবং কর বাবদ খরচ হবে আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা।’ ব্যবসায়ীরা বলছেন, এ তথ্য থেকে কিছু বোঝা যায় না।
অর্থ মন্ত্রণালয় বলছে, ভাসমান টার্মিনাল তৈরি করা হয় নতুন প্রযুক্তিতে। এ পদ্ধতিতে নির্মাণ খরচ কম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত ও দুবাই ইতিমধ্যে এ রকম টার্মিনাল তৈরি করেছে। তবে মন্ত্রণালয়েরই আশঙ্কা, এলএনজি টার্মিনাল পরিচালনা করার মতো কারিগরি ও অভিজ্ঞ জনবল নেই দেশে।
মুঠোফোনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে গত শনিবার প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এটি নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর (বিওওটি) ভিত্তিতে গড়ে তোলা হবে। এ জন্য পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসট্রা একসিলারেট কনসোর্টিয়ামের (এসিই) মধ্যে গত বছরের ফেব্রুয়ারিতে চুক্তি সই হয়েছে। তিনি জানান, ২০১৮ সালের এপ্রিলের মধ্যে সংযোগ দেওয়া যাবে ধরে নিয়েই তাঁরা এগোচ্ছেন।
দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের ক্ষমতাসম্পন্ন টার্মিনাল থেকে মূল ভূখণ্ডে গ্যাস আনতে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত ৯১ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করতে হবে। এ কাজ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড করে দেবে বলে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম গত রোববার প্রথম আলোকে বলেন, জ্বালানি খাত নিয়ে কোনো প্রতিশ্রুতিই সরকার রাখতে পারেনি, এটাও পারবে বলে তাঁর বিশ্বাস হয় না। তিনি বলেন, ‘এলএনজি প্রকল্প বাস্তবায়নে টাকার উৎসই এখনো ঠিক হয়নি, অথচ অর্থমন্ত্রী গ্যাস সরবরাহের আশ্বাস দিয়ে ফেলেছেন।’