বেসরকারি ৭টি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহে সমঝোতা চুক্তি সই
এলএনজির দাম ২০ দিনের মধ্যে জানানো হবে
আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাঁদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সম্ভাব্য দাম জানাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা দামে রাজি থাকলে তাঁদের দ্রুতই গ্যাস বরাদ্দ দেওয়া হবে। কারখানায় সংযোগ দিয়ে কখন গ্যাস সরবরাহ শুরু হবে, তার নির্দিষ্ট সময়ও বলে দেওয়া হবে, যাতে সে অনুযায়ী পরিকল্পনা করা যায়।
সাতটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী। তিনি বলেন, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে এলএনজি আমদানি শুরু হবে। এক থেকে দেড় বছরের মধ্যে গ্যাসের প্রকট সংকট কেটে যাবে।
গ্যাস সরবরাহের সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বেসরকারি সাতটি অর্থনৈতিক অঞ্চল ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে। এ সমঝোতা চুক্তির আওতায় তিতাস গ্যাস আমান, আকিজ, আরিশা, বে, মেঘনা, সোনারগাঁও ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চলে গ্যাস-সংযোগ দেবে। রাজধানীর একটি হোটেলে গত বুধবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রতিনিধিরা গ্যাসকে সবচেয়ে বড় সংকট হিসেবে উল্লেখ করে দ্রুত সংযোগ দেওয়ার অনুরোধ করেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সবগুলো অর্থনৈতিক অঞ্চল নিশ্চিতভাবেই গ্যাস পাবে। অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে।
গ্যাসের পরিস্থিতি নিয়ে জ্বালানিসচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, এখন মোট প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ চলে যায় রান্না ও পরিবহন খাতে। এ গ্যাস নিয়ে যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব তার অর্থনৈতিক মূল্য আসে প্রায় ৮০ হাজার কোটি টাকা। অথচ এ গ্যাস বিক্রি করে পেট্রোবাংলা পায় ১ হাজার ৩৪০ কোটি টাকা। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের উচিত মানুষকে বোঝানো যে, আপনারা প্রাকৃতিক গ্যাস দিয়ে রান্না করবেন না। এই ২০ শতাংশ গ্যাস যদি সেখানে না দিতে হয় তাহলে তা আপনারা পাবেন।’ তিনি বলেন, সরকার বিকল্প ব্যবস্থা সৃষ্টি না করে রান্নার কাজে গ্যাস বন্ধ করতে পারবে না। সরকারের রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা আছে। বিকল্প হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ব্যবহার বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আমান অর্থনৈতিক অঞ্চলের পরিচালক মো. তরিকুল ইসলাম সরকারির চেয়ে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার খরচ অনেক বেশি পড়ছে উল্লেখ করে গ্যাস পাইপলাইন নির্মাণ ব্যয় সরকারিভাবে মেটানোর অনুরোধ করেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জ্বালানিসচিব নাজিমউদ্দিন বলেন, ‘আপনাদের চাহিদা খুব কম। এত কম চাহিদায় সরবরাহ লাইন করা যাবে না। চাহিদা বাড়ান। বাড়ালে গ্যাসও দেওয়া যাবে।’ তিনি বলেন, মোট এলএনজি আসবে প্রতিদিন ১০০ কোটি ঘনফুট। এখন ঘাটতি আছে ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুট। এতে সংকট কাটবে। তবে দাম কিছুটা বৃদ্ধি পেতেই পারে। তিনি বলেন, ‘দাম নিয়ে আপনারা নেতিবাচক চিন্তা করলে দুই পক্ষই বিপদে পড়ে যাব।’ গ্যাস উত্তোলনের পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ৯৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে সফল হয়েছে ২৩-২৫টি। আগামী তিন-চার বছরে ১০৮টি নতুন কূপ খনন করা হবে। এর মধ্যে ২৮টি খনন হবে এ বছরের মধ্যে। এখান থেকেও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমেদ পরিবেশসংক্রান্ত অনুমোদন কার্যক্রম সহজ করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘অতীতে আপনারা পরিবেশ অধিদপ্তরের কর্মীদের বিভিন্ন সুবিধা দিয়েছেন। এতে তাঁরা উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হয়েছেন। তবে এবার প্রক্রিয়া সহজ করা হবে, যাতে সুবিধা দেওয়া না লাগে।’
পাঁচ বছর জাপানে থাকার অভিজ্ঞতা তুলে ধরে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ বলেন, ‘আমরা বিনিয়োগের পরিবেশ দিতে পারিনি বলে অনেকে ফেরত গেছে।’
অনুষ্ঠানে বে অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বলেন, তাঁদের অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগের ব্যাপক আগ্রহ পাওয়া যাচ্ছে। তবে নিজেদের কারখানাগুলো গ্যাসের অভাবে দেড় মাস ডিজেল দিয়ে চালাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সাংসদ আসলামুল হক, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহমেদ কায়কাউস, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মুসলিম চৌধুরী, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন, মেঘনা গ্রুপের পরিচালক তানভীর আহমেদ মোস্তফা, ইউনিক গ্রুপের উপদেষ্টা মো. মহসিন, বেজার নির্বাহী সদস্য এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।