এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বাড়াতে হবে। সে জন্য স্থানীয় বাজারের সক্ষমতা বৃদ্ধি, পণ্য বহুমুখীকরণ, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, কর নীতিমালার সংস্কার, সম্ভাবনাময় রপ্তানিমুখী খাতে বন্ডেড সুবিধা প্রদান, তথ্যপ্রযুক্তি বিনিময় ও আলোচনার দক্ষতা বাড়াতে হবে। ‘এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ও প্রস্তুতি’ শীর্ষক ওয়েবিনারে আলোচকেরা গতকাল এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) যৌথভাবে আয়োজিত বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন ২০২১ শীর্ষক সপ্তাহব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের তৃতীয় দিনে গতকাল এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস এতে প্রধান অতিথি ছিলেন। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী সম্মানিত অতিথি হিসেবে এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দেন।
বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আহমদ কায়কাউস। তিনি সরকারি ও বেসরকারি খাতের সম্পর্কের উন্নয়নে জোরারোপ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বলেন, দেশের বেসরকারি খাতের ওপর সরকারের আস্থা ও বিশ্বাস দুটোই অত্যন্ত বেশি। বেসরকারি খাতের সহযোগিতায় স্বল্প সময়ে বিদ্যুৎ খাতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যার সুফল দেশের জনগণ ভোগ করছে।
ওয়েবিনার সঞ্চালনা করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তীকালে রপ্তানি ধরে রাখতে হলে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহী শিক্ষা-প্রশিক্ষণে গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে দেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতায় প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে। এটা দেশের শিক্ষাব্যবস্থার দীনতার প্রতিফলন। সে জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে মনোযোগী হতে হবে।