এলডিসি থেকে উত্তরণ নিয়ে ঢাকায় সম্মেলন
স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ। এ জন্য প্রয়োজনীয় অর্থের জোগান এবং আর্থিক সংকট মোকাবিলার কৌশল নির্ধারণে এসব দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আজ মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে ঢাকায়।
সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ) এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইআরডি। ইআরডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন।
বাংলাদেশ ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছেন আফগানিস্তান, ভুটান, নেপাল, কিরিবাতি, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, তিমুন-লেসেতে, টুভালু এবং ভানুয়াতুর প্রতিনিধিরা।