এলডিসি থেকে বের হতে মানবসম্পদে উন্নতি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সিরডাপ মিলনায়তনে গতকাল আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যসহ (বাঁ থেকে প্রথম) অন্যরা l প্রথম আলো
ঢাকার সিরডাপ মিলনায়তনে গতকাল আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যসহ (বাঁ থেকে প্রথম) অন্যরা l প্রথম আলো

এশীয় অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল ও ভুটান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের হিসাবে, বাংলাদেশেরও উন্নতি হয়েছে। তবে এগোতে হবে আরও অনেক দূর। এ ক্ষেত্রে মানবসম্পদ সূচকের সামান্য উন্নতি করতে পারলে এলডিসি থেকে বের হতে পারবে বাংলাদেশ।
বিশ্বের স্বল্পোন্নত ৪৮টি দেশ নিয়ে আঙ্কটাডের প্রতিবেদন ও প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়েছে। আঙ্কটাডের পক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিবেদনটি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নতি করতে হলে নজর দিতে হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতির দিকে। কারণ, কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তর ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না।
সিপিডির পক্ষ থেকে প্রতিবেদনটি তুলে ধরেন গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। আর প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ও ব্যাখ্যা তুলে ধরেন বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন।
আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পোন্নত ৪৮ দেশের মধ্যে কৃষিজমির উৎপাদনশীলতা বা ব্যবহারের দিক থেকে বাংলাদেশ শীর্ষে রয়েছে। কিন্তু জমি ও জনশক্তির হিসাবে আবার সর্বনিম্ন অবস্থানে। শিল্পে কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রকৃত অভ্যন্তরীণ সঞ্চয়ের দিক থেকে ৪৮ দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম। প্রকৃত দেশজ উৎপাদন প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৫তম।
তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশগুলোর তালিকা করা হয়। আঙ্কটাডের প্রতিবেদনে বাংলাদেশের মাথাপিছু গড় আয় দেখানো হয়েছে ৯২৬ মার্কিন ডলার। ২০১১ থেকে ২০১৩ সালের মাথাপিছু গড় আয়ের ভিত্তিতে এই আয়ের হিসাব করা হয়েছে। মানদণ্ড অনুযায়ী, কোনো দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হলে ওই দেশের পূর্ববর্তী তিন বছরের মাথাপিছু গড় আয়ের প্রয়োজন ছিল ন্যূনতম ১ হাজার ২৪২ ডলার। মানবসম্পদ সূচকে বাংলাদেশ পেয়েছে ৬৩ দশমিক ৮। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হলে এ ক্ষেত্রে দরকার ছিল ৬৬। এ ছাড়া অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশ নির্ধারিত মানদণ্ড অর্জন করেছে।
সিপিডি বলছে, এখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসতে হলে বাংলাদেশকে মানবসম্পদ সূচকের উন্নতি ঘটাতে হবে। আর এ জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা দরকার। এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মানবসম্পদে উন্নতি করতে হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো দরকার। অথচ গত বাজেটে আমরা দেখেছি, এই দুই খাতে প্রকৃত মূল্যে সরকারের বরাদ্দ কমে গেছে।’
সিপিডির মতে, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ছাড়া জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব হবে না। কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হলে নজর দিতে হবে অবকাঠামো উন্নয়নে। পাশাপাশি কৃষিবিষয়ক গবেষণায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সর্বোপরি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসতে হলে উত্তরণকালীন পরিকল্পনা গ্রহণ ও সে অনুযায়ী অর্থায়ন নিশ্চিত করতে হবে।