এলডিসিকে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত দেশগুলোর কাছ থেকে দাবি আদায়ে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সব সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, এলডিসির নিজেদের সমস্যা চিহ্নিত হয়েছে। এবার উন্নত দেশগুলোর কাছ থেকে দাবি আদায়ে তৎপর হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দশম মন্ত্রী পর্যায়ের আগে গত বৃহস্পতিবার জেনেভায় এলডিসির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আগামী সম্মেলনে এলডিসি দলের করণীয় নির্ধারণে জেনেভার বাংলাদেশ মিশন এ মতবিনিময়ের আয়োজন করে। নেপাল, উগান্ডা, লাওস ও কম্বোডিয়ার রাষ্ট্রদূতেরাও এ সময় বক্তব্য দেন।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়। এতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেছেন, ডব্লিউটিওর ২০০৫ সালের হংকং মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্তই বাস্তবায়িত হচ্ছে না। ওই সিদ্ধান্ত অনুযায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে এলডিসিগুলোর শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধা, সেবা খাতের বাজার ইত্যাদি পাওয়ার কথা। আগামী সম্মেলনে তাই এগুলো আদায়ের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে।