কেনিয়ার নাইরোবিতে আঙ্কটাডের মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে
এলডিসিগুলোতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ গুরুত্ব পাচ্ছে
কেনিয়ার রাজধানী নাইরোবিতে গতকাল শনিবার জাতিসংঘের কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) চতুর্দশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ সম্মেলনে জাতিসংঘের গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে স্বল্পোন্নত দেশ বা এলডিসিগুলোতে আরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের বিষয়ে জোর দেওয়া হয়েছে।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল ‘আঙ্কটাড-২০১৪’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনের উদ্বোধনী দিনের একটি অধিবেশনে গতকাল সভাপতিত্ব করেন। আজ রোববার অনুষ্ঠেয় জি-৭৭ ভুক্ত দেশগুলোর বৈঠকেও বক্তব্য দেবেন তিনি। বাণিজ্যমন্ত্রী ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আঙ্কটাডের মহাসচিব মুখিশা কিটুইয়ি, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত শুক্রবার ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে নাইরোবি যান। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের সিদ্ধান্ত হওয়ার পর ‘আঙ্কটাড-২০১৪’ হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে সিদ্ধান্ত কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা (এনজিও), সুশীল সমাজ এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও এতে অংশ নিচ্ছেন।
বিশ্ব রপ্তানি বাণিজ্যে এলডিসিগুলোর অবদান ২০২০ সালের মধ্যে ২ শতাংশে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এলডিসির সমন্বয়ক তোফায়েল আহমেদ। তিনি বলেন, সিদ্ধান্ত কার্যকর অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন তথা এসডিজি অর্জনে আঙ্কটাডের এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তিনি উন্নত দেশগুলোর পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), আঙ্কটাড এবং অন্য সব সংস্থার সহযোগিতা কামনা করেন।
এসডিজি অর্জনে বাংলাদেশসহ এলডিসিগুলোতে কীভাবে আরও বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসতে পারে, এবারের সম্মেলনে তা নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে আগের সম্মেলনের সিদ্ধান্ত কার্যকর না হওয়ার পেছনের কারণগুলো নিয়েও। সম্মেলন শেষ হবে ২২ জুলাই।