এশিয়া এখন আকাশ ভ্রমণে বিশ্বের সবচেয়ে বড় বাজার
আকাশ ভ্রমণে এশিয়া এখন বিশ্বের সবচেয়ে বড় বাজার। ২০০৯ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল উত্তর আমেরিকাকে টপকে এই শীর্ষস্থান দখল করে নিয়েছে।আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আইএটিএ) গত সোমবার এ তথ্য জানিয়েছে। আইএটিএর পরিসংখ্যান অনুসারে, ২০০৯ সালে ৬৪ কোটি ৭০ লাখ যাত্রী এশিয়ার দেশগুলোয় আকাশপথে ভ্রমণ করেছে। একই সময়ে উত্তর আমেরিকায় বিমানবাহী যাত্রীর সংখ্যা ছিল ৬৩ হাজার ৮০০। তারা সবাই বাণিজ্যিক ভিত্তিতে আকাশ ভ্রমণ করেছে।আইএটিএ আরও জানিয়েছে যে ২০১৩ সাল নাগাদ এশিয়ায় বিমানযাত্রীর সংখ্যা আরও ২১ কোটি ৭০ লাখ বাড়বে। সিঙ্গাপুর এয়ার শোর প্রাক্কালে সেখানে এক সম্মেলনে আইএটিএর পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়। এতে আরও জানানো হয়, গত বছর সারা বিশ্বে আকাশপথে ভ্রমণকারীর মোট সংখ্যা ছিল ২২০ কোটি। এর এক-চতুর্থাংশই ভ্রমণ করেছে এশিয়ায়। এবং এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে চীন।আইএটিএ আরও মনে করছে, চলতি বছর এশিয়ার বিমান পরিচালনাকারী সংস্থাগুলোর সমিন্বত লোকসান উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। ফলে এবার লোকসানের পরিমাণ হতে পারে ৭০ কোটি ডলার। গত বছর লোকসানের পরিমাণ ছিল ৩৪০ কোটি ডলার।গত বছরের ডিসেম্বর মাসে এশিয়ার আকাশপথে ভ্রমণের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইএটিএ অবশ্য ২৩০টি বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে, যারা বিশ্বের ৯০ শতাংশ আকাশ ভ্রমণ সম্পন্ন করে থাকে। এই সংগঠনে অনেক সাশ্রয়ী (বাজেট) বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়নি। সূত্র: এএফপি।