এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম আজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ঢাকায় এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম বা এপিবিএফ-২০১৭ আজ বুধবার শুরু হচ্ছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনকে কেন্দ্র করে এবারের ফোরামের প্রতিপাদ্য করা হয়েছে ‘টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সম্পৃক্ততা’।
প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বিকেলে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ) যৌথভাবে এপিবিএফ আয়োজন করছে। পৃষ্ঠপোষক হিসেবে আছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
আয়োজকেরা জানান, উদ্বোধনী অধিবেশনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও এসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারি শামসাদ আক্তার বক্তব্য দেবেন। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন আইসিসির সাবেক গ্লোবাল চেয়ারম্যান ও ফাং গ্রুপের চেয়ারম্যান ড. ভিক্টর কে ফাং।
অধিবেশনের দ্বিতীয় পর্বে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লতিফুর রহমান, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাউচান থাকালি, শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন, এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) ওয়েনচাই ঝাং, আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিটুই।
কাল বৃহস্পতিবার ‘সফলভাবে এসডিজি অর্জনের জন্য ব্যবসা ও বিনিয়োগের প্রসার’ প্রতিপাদ্য নিয়ে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সহনশীলতা, জলবায়ু পরিবর্তন সুসমন্বয় ও দুর্যোগ ঝুঁকি কমাতে ব্যবসার ভূমিকা, নতুন জ্বালানির বাস্তবতা, কম কার্বন নিঃসরণের ভবিষ্যৎ গড়তে করণীয় এবং আঞ্চলিক সম্পৃক্ততার জন্য বাণিজ্য ও যোগাযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে।
জানুয়ারির শেষ সপ্তাহে এপিবিএফ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ ভালো সাফল্য দেখিয়েছে। আমাদের প্রত্যাশা, এসডিজি অর্জনেও ভালো করবে বাংলাদেশ।’ তিনি বলেন, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো একে অন্যকে যদি এসডিজির গোল অর্জনে যোগাযোগ বৃদ্ধি করা যায়, তবে অনেক বেশি কাজে দেবে। এপিবিএফের মাধ্যমে এই কাজটি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
আঞ্চলিক বাণিজ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সংলাপের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হচ্ছে এপিবিএফ। ইউএন এসকাপের আয়োজনে এপিবিএফে মূলত অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসায়ের ভূমিকা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ২০০৪ সালে চীনের সাংহাইয়ে এপিবিএফ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।