এশিয়ার শেয়ারবাজারে আজ দিনের শুরুতেই দরপতন
সূচক কমে যাওয়ায় লেনদেন শুরু হওয়ার পরপরই আজ মঙ্গলবার হোঁচট খেয়েছে এশিয়ার শেয়ারবাজারগুলো। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বিশ্বের বর্তমান অর্থনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের ওপর। বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে ৭৮ ডলার, যা এ বছর সর্বনিম্ন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, জাপানের শেয়ারবাজার নিক্কিতে সকালে সূচক ২২৫ পয়েন্ট বা চার দশমিক চার শতাংশ কমে আট হাজার ৬৯৪ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময় হংকংয়ের হ্যাং সেং দ্রুত সাত দশমিক তিন শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি আট দশমিক দুই শতাংশ সূচক হারিয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়া, তাইওয়ান ও নিউজিল্যান্ডের শেয়ারবাজারেও সূচক কমছে।অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক স্টকব্রোকার সিএমসি মার্কেটের প্রধান কৌশলবিদ মাইকেল ম্যাককারর্থি জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থবিরতার প্রভাবে শেয়ারবাজার অশান্ত হয়ে পড়েছে। আমরা শঙ্কার মধ্যে রয়েছি। কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রধান চালিকাশক্তিগুলো দুর্বল হয়ে পড়ছে। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এর প্রভাব পড়তে পারে। অস্ট্রেলিয়ার বিনিয়োগ ব্যবস্থাপক সংস্থা এএমপি ক্যাপটালের প্রধান অর্থনীতিবিদ শেন অলিভার বলেন, আমি বিস্মিত গত দুই কর্মদিবসে দরপতনের পর আজও অস্ট্রেলিয়ার শেয়ারবাজার স্থিতিশীল নয়। গতকাল সোমবার ওয়াল স্ট্রিটের দরপতনের একটা বড় প্রভাব অস্ট্রেলিয়া ও এশিয়ার বিনিয়োগকারীদের ওপর পড়েছে।