এশিয়ার শেয়ারবাজারে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয় দিনের মতো বৈশ্বিক শেয়ারবাজারে পতন হয়েছে মূলত এশিয়ায় ধসের জের ধরে। চীনের অর্থনীতি শ্লথ হয়ে পড়ার খবরের নেতিবাচক প্রভাবে এ পতন ত্বরান্বিত হয়। খবর এএফপির।
অবশ্য শেয়ারবাজার নিম্নমুখী হয়ে পড়ায় মূল্যবান ধাতু সোনার চাহিদা বেড়ে যায়। গতকাল বিশ্ববাজারে সোনার দর প্রায় তিন সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।
এমএসসিআই বৈশ্বিক শেয়ার সূচক গতকাল তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটি বিশ্বের ৪৫টি উন্নত ও বড় উন্নয়নশীল দেশের শেয়ারবাজারকে নিয়ে গঠিত।
জাপানের শেয়ারবাজারে নতুন বছরের প্রথম কার্যদিবস ছিল গতকাল। সে জন্য টোকিও স্টক এক্সচেঞ্জে ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয়। তবে দিনশেষে প্রধান সূচক নিক্কি ২ দশমিক ৪০ শতাংশ পড়ে যায়। থাইল্যান্ডের শেয়ারবাজারও ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
এশিয়ার শেয়ারবাজারের ধসের বিপরীতে স্বর্ণের বাজার চাঙা হয়ে ওঠে চাহিদা বাড়ায়। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনার দিকে ঝুঁকে পড়ায় চাহিদা ও দাম বৃদ্ধি পায়। গতকাল বিকেলে প্রতি আউন্স সোনার দাম এক হাজার ২৩৮ ডলারে উন্নীত হয়।
অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দরও চার দিন ধরে নিম্নমুখী থাকার পর গতকাল আবার ঘুরে দাঁড়িয়েছে। ব্রেন্ট অশোধিত জ্বালানি তেলের দর প্রতি ব্যারেল ১০৭ ডলার ৭৬ সেন্টে উন্নীত হয়।
ইউরোপের তিন প্রধান শেয়ারবাজার লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিস গতকাল কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
এদিকে বিদায়ী ২০১৩ সালে জার্মানিতে মোটরগাড়ি বিক্রি কমে গেছে। আর তা হয়েছে চাহিদা কমে যাওয়ায়।
পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বছর দেশটিতে নতুন ২৯ লাখ ৫২ হাজার মোটরগাড়ির নিবন্ধন হয়েছে। এটি আগের বছরের তুলনায় ৪ দশমিক ২০ শতাংশ কম। কেএবি ফেডারেল অটোমোবাইল এজেন্সির সংকলিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।