এশিয়ায় বন্ড বাজারের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ: সিটি
বাংলাদেশকে এশিয়া অঞ্চলের বন্ড বাজারের পরবর্তী গন্তব্যস্থল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস। প্রতিষ্ঠানটি বলছে, ‘এ বছরের মধ্যেই বাংলাদেশ সরকার সার্বভৌম (সভরেন) বন্ড ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এ জন্য হয়তো আগামী দিনে বাইরের বাণিজ্যিক ঋণ গ্রহণের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সীমা তুলে নেওয়ার প্রয়োজন হতে পারে।’এ ছাড়া অন্যান্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হবে বলে এই বন্ড ছাড়ার সময়টি আসন্ন নয় বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী দুই প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) এবং মুডিসের ঋণমান অনুযায়ী বাংলাদেশের ঋণমানে স্থিতাবস্থা বজায় রয়েছে। বিভিন্ন মান বিবেচনায় মুডিসের হিসাবে বাংলাদেশ ঋণমানে ‘বিএ৩’ এবং এসঅ্যান্ডপির হিসাবে ‘বিবি মাইনাস’ অবস্থানে রয়েছে।বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশের প্রবৃদ্ধি, বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনার দিকও তুলে ধরা হয় এই প্রতিবেদনে। ২০ মার্চ সিটি গ্লোবালের পক্ষ থেকে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার বিদেশিদের ট্রেজারি বন্ড ক্রয়ে এক বছর পর্যন্ত ধরে রাখার বাধ্যবাধকতা তুলে নিতে পারে। এটি বর্তমানে বিদেশিদের ট্রেজারি বন্ড ক্রয়ে বড় বাধা। সিটি বলছে, বাংলাদেশে পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের কর পরবর্তী আয় (ইল্ড) ১০ দশমিক ৬০ শতাংশ। আবার দেশটির চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত রয়েছে। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। সর্বোপরি সামষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতিও আকর্ষণীয়। এ সবকিছুই আকর্ষণীয় বন্ড বাজারে রূপ নিতে সহায়ক হবে যদি এক বছরের বিধিনিষেধ তুলে নেওয়া হয়। সিটি বলছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং রাজস্ব আয়ের নিম্নভিত্তি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকির জায়গা। এ ছাড়া এ দেশের মাথাপিছু আয়ও বেশ কম। সেই সঙ্গে উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পের পরিধিও সীমিত। এ দেশের রপ্তানি মূলত তৈরি পোশাকশিল্পকেন্দ্রিক। আবার জাতীয় আয়ে রাজস্ব ও করের অনুপাতও খুবই কম। এগুলোকে অর্থনীতির জন্য বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই তীব্র হয়ে উঠছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। তাতে এও বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক শোরগোলও বাড়ছে।