এশিয়ায় শ্রমিকদের ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইন্যানশিয়াল টাইমসের ওয়েব সংস্করণে (এফটি ডটকম) গত ১৮ আগস্ট ‘এশিয়ান লেবার মিলিটেনসি অন দ্য রাইজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি বাংলায় রূপান্তর করেছেন আসজাদুল কিবরিয়াএইচঅ্যান্ডএম, গ্যাপ এবং মার্কস অ্যান্ড স্পেনসারের মতো পশ্চিমের নামকরা ব্র্যান্ডগুলোর জন্য কাপড় প্রস্তুত করে থাকে যে বাংলাদেশি পোশাকশ্রমিকেরা, তাঁরা সম্প্রতি তাঁদের ৮০ শতাংশ হারে মজুরি বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন বিক্ষুব্ধ হয়ে, ভাঙচুরের মাধ্যমে, রাজধানী ঢাকায় গাড়ি জ্বালিয়ে ও দোকান লুটপাট করে। বিশ্বের সবচেয়ে কম মজুরিভোগী পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির যে বৃদ্ধি ঘটেছে, তাতে তাঁদের মাসিক প্রাপ্য ২৩ ডলার থেকে বেড়ে হয়েছে ৪৩ ডলার। এটা আগামী নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। চার বছরের মধ্যে এটাই তাঁদের প্রথম মজুরি বৃদ্ধি। আর এই সময়জুড়ে খাদ্য ও জ্বালানির দাম ঊর্ধ্বমুখীই হয়েছে। তবে শ্রমিকেরা অত্যন্ত ক্ষুব্ধ যে, সরকার তাঁদের দাবি অনুযায়ী ন্যূনতম মজুরি মাসিক ৭৫ ডলার করতে সম্মত হয়নি।প্রায় ২৩ হাজার সদস্যধারী বাংলাদেশের ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট আমিরুল হক আমিন বলেন, ‘এটা শ্রমিক ও তাঁদের পরিবারের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিত্সাসেবাসহ জীবনধারণের ব্যয় শুধু বেড়েই চলেছে।’ভাঙচুরের পর সরকার শ্রমিক অধিকার আদায়ের জন্য তিনজন বিশিষ্ট আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে এবং বিক্ষোভ-সহিংসতায় মদদ দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তাঁরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু বাংলাদেশি শ্রমিকদের ক্রোধের বিষয়টি বিশ্বজুড়ে পোশাকের বড় বড় ক্রেতার জন্য একটি জাগরণী বার্তা বয়ে এনেছে। শ্রমিকের ব্যয় বৃদ্ধি ও ধর্মঘটের কারণে চীন থেকে সরে তারা এশিয়ার অন্যান্য স্থানে পোশাক উত্পাদনের দিকে যাওয়ার প্রত্যাশা করছিল। বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো এশিয়ার শিল্পকেন্দ্রগুলো চীনের তুলনায় সস্তা শ্রমভিত্তি হিসেবে যাত্রা শুরু করলেও এই দেশগুলোয় এখন শ্রমিক বিক্ষোভ বেড়েই চলেছে। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকেরা মজুরি বাড়ানোর জন্য চাপ তৈরি করছেন।বাংলাদেশভিত্তিক এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের ব্যবস্থাপনা পরিচালক ইফতি ইসলাম বলেন, ‘আমি এই অঞ্চলে এখন আর স্বল্পব্যয়ের অনেক দেশ দেখছি না, যেখানে মজুরি বাড়ানোর জন্য চাপ নেই। মালিকেরা অনেক কম মজুুরি দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলছেন।’এশিয়াজুড়ে উন্নততর বেতন-মুজরির দাবি ওঠার মধ্য দিয়ে এটাই প্রতিফলিত হচ্ছে, পশ্চিমা বাজারগুলোর তুলনায় এসব অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে এবং সেখানে কাজের সুযোগও উন্নত হচ্ছে। ইফতি ইসলামের মতে, ‘এশিয়াজুড়ে অনেক প্রবৃদ্ধি ও গতিময়তা এসেছে আর এটাই মজুরি বাড়ানোর চাপ তৈরি করেছে।’সম্প্রতি কম্বোডিয়ায় ন্যূনতম মজুরি ২১ শতাংশ বাড়িয়ে মাসিক ৫০ থেকে ৬১ ডলার করা হয়েছে। কিন্তু দেশটির ২৭৩টি শ্রমিক সংঘ এর চেয়ে বেশি দাবি করেছিল। তবে তারা তিন দিনের ধর্মঘটের যে হুমকি দিয়েছিল, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।নয় শতাংশ হারে মূল্যস্ফীতিতে আক্রান্ত ভিয়েতনামের শ্রমিকেরা গত বছর প্রায় ২০০টি ধর্মঘট করেছে। যেমন: গত বছর এপ্রিল মাসে মজুরি বাড়ানোর দাবিতে তাইওয়ানি মালিকানার একটি পাদুকা কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক কাজ বর্জন করে কারখানা থেকে বেড়িয়ে আসেন।ইন্দোনেশিয়াতেও ন্যূনতম মজুরি বাড়ছে। সেখানে লাখ লাখ সদস্যধারী শক্তিশালী শ্রমিক সংঘগুলো মালিকদের সঙ্গে মজুরি নিয়ে দরকষাকষি করে থাকে। ২০০৮ সালে ইন্দোনেশীয় সরকার স্থানীয় ন্যূনতম মজুরি ১০ শতাংশ বাড়িয়ে মাসে ১০০ ডলারে উন্নীত করে। তবে দেশটির প্রত্যন্ত অঞ্চলে এখনো এই মজুরি এই হারের অর্ধেক।তার পরও দেশটির বস্ত্র কারখানায় একাধিক ধর্মঘট ও বিক্ষোভ চলছে। জুলাই মাসেই বান্দুংয়ে বিভিন্ন কারখানা থেকে প্রায় ৪০ হাজার শ্রমিক বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক দিনের জন্য কাজ বন্ধ করে দেন।পশ্চিম জাভায় ১৪টি বস্ত্র কারখানার শ্রমিক সংঘের প্রধান মোহাম্মদ পাপন বলেন, ‘জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আমাদের বেশির ভাগ সদস্যই তাঁদের পরিবারের একমাত্র উপার্জনকারী এবং তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে হয়।’ তাঁরা মজুরি বাড়ানোর দাবিতে এই সপ্তাহেই ধর্মঘট ডাকার পরিকল্পনা করেছেন।এমনিক ভারতেও ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোনসেট প্রস্তুতকারী নোকিয়া, জার্মানভিত্তিক গাড়ির যন্ত্রাংশ নির্মাতা বোশ, দক্ষিণ কোরিয়ার মোটরগাড়ি নির্মাতা হুন্দাই ও ভলভো এবং অনেক স্থানীয় প্রতিষ্ঠান শিল্প খাতে ক্রমবর্ধমান অস্থিরতার মুখোমুখি হয়েছে। তবে কোনোখানেই শ্রমিকদের ক্রোধ বাংলাদেশের মতো এত স্পষ্ট নয়। এমনকি দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বর্তমান ন্যূনতম মজুরিকে ‘শুধু অপর্যাপ্ত নয়, অমানবিকও বটে’ বলে অভিহিত করেছেন।২০০৬ সালে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের পর থেকে এ পর্যন্ত স্থানীয় খাদ্যমূল্য ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ২০০৬ সালের আগে ১২ বছর পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করতে হয়েছে ন্যূনতম মজুরি সমন্বয়ের জন্য।সম্মিলিত গার্মেন্টস শ্রমিক পরিষদের সভানেত্রী নাজমা আক্তার বলেন, ‘শ্রমিকেরা টিকে থাকার চেষ্টায় আয় করেন। কিন্তু তাঁরা টিকে থাকতে পারছেন না। তাঁদের প্রতিদিনের প্রয়োজন অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে।’ শিল্পমালিকেরা নতুন ন্যূনতম মজুরিকে বর্তমান বিশ্ববাজারের পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত বলে দাবি করেছেন। তবে ঢাকা তৈরি পোশাকশিল্প মালিকদের প্রতি সংবেদনশীল। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯টি আসনেই তৈরি পোশাকশিল্প মালিকেরা সাংসদ হিসেবে আছেন। সমালোচকেরা বলছেন, এই স্বার্থসংশ্লিষ্টতার কারণেই শ্রমিক দলগুলোর সঙ্গে সত্যিকারভাবে সরকারের যোগাযোগ বা আলোচনায় অনীহা তৈরি করেছে। ঢাকাভিত্তিক শ্রমঅধিকার আদায়ের সক্রিয় কর্মী খোরশেদ আলম বলেন, ‘এখানে কোনো শিল্প সম্পর্ক নেই। মালিক ও সরকার মনে করছেন, তাঁরা শ্রমিকদের সাহায্য করছেন। শ্রমিকদের শ্রমিক হিসেবে নয়, ভিক্ষুক হিসেবে গণ্য করা হচ্ছে।’