এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম এবার ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এশিয়া–প্যাসিফিক বিজনেস ফোরাম উপলক্ষে গতকাল মতিঝিলের এমসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান (বাঁ থেকে দ্বিতীয়) l ছবি: আইসিসি বাংলাদেশের সৌজন্যে
ঢাকায় এশিয়া–প্যাসিফিক বিজনেস ফোরাম উপলক্ষে গতকাল মতিঝিলের এমসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান (বাঁ থেকে দ্বিতীয়) l ছবি: আইসিসি বাংলাদেশের সৌজন্যে

প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরাম বা এপিবিএফ-২০১৭। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনকে ঘিরে এবারের এপিবিএফের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সম্পৃক্ততা’।
আসছে ফেব্রুয়ারিতে ঢাকার সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএন-এসকাপ) যৌথভাবে ফোরামটির আয়োজন করছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৮ ফেব্রুয়ারি এ ফোরাম উদ্বোধন করবেন। পরদিন ফোরামের বিভিন্ন অধিবেশনে জলবায়ু পরিবর্তন সুসমন্বয় ও দুর্যোগ ঝুঁকি কমাতে ব্যবসায়ের ভূমিকা, নতুন জ্বালানির বাস্তবতা, কম কার্বন নিঃসরণের ভবিষ্যৎ গড়তে করণীয় এবং আঞ্চলিক সম্পৃক্ততার জন্য বাণিজ্য ও যোগাযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
রাজধানীর মতিঝিলের এমসিসিআই কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক ও আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান।
আঞ্চলিক বাণিজ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে সংলাপের বড় প্ল্যাটফর্ম হচ্ছে এপিবিএফ। ইউএন-এসকাপের আয়োজনে এপিবিএফে মূলত অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ২০০৪ সালে চীনের সাংহাইয়ে এপিবিএফ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এরপর ব্যাংকক, কলম্বো, জাকার্তা, কুয়ালালামপুর, কুংমিনের মতো শহরে এ ফোরাম অনুষ্ঠিত হয়।
মাহবুবুর রহমান বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ ভালো সাফল্য দেখিয়েছে। ২০১৫ সালের আগেই কয়েকটি লক্ষ্য অর্জিত হয়েছিল। এসডিজি অর্জনেও ভালো করবে বাংলাদেশ।’ তিনি বলেন, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যদি এসডিজি অর্জনে পারস্পরিক যোগাযোগ বাড়ানো যায়, তা অনেক বেশি কাজে দেবে। এপিবিএফের মাধ্যমে এই কাজটি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
ফজলুল হক বলেন, ‘ফোরামে এসডিজি অর্জনের বিষয়ে বিভিন্ন দেশ নিজেদের পরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময় করবে। বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের শুরুর দিকে আছি আমরা। ফলে এই ফোরাম দারুণ কাজে দেবে।’
আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সমকিড যাতুসরিপিটাক, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শমশেদ আক্তার, আঙ্কটাডের মহাসচিব মুকিশা কিটুয়ি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনসাই ঝাং, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও সহসভাপতি লতিফুর রহমান।
ফোরামে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাউচান থাকালি, শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন, ভুটানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী লিওনপো লিকে দরজি প্রমুখ।