এশীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
এশিয়া অঞ্চলের বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ঢাকায় আট দিনব্যাপী এশীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। যুক্তরাষ্ট্রের সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সেমস বাংলাদেশের সহযোগিতায় পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করেছে। বাংলাদেশসহ এশিয়ার ১০টি দেশের শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। সেমস গ্লোবালের (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) সভাপতি মেহেরুন নেসা ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) সভাপতি আফতাব উল ইসলাম এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।এশীয় বাণিজ্য মেলা চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।