এশীয় শতকে বাংলাদেশি উদ্যোক্তাদের সুযোগ
লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছে কিছুদিন ধরে। ২০০৮ সালে আমেরিকায় বন্ধকী ঋণের সংকট যখন আর্থিক খাতের বিপর্যয় ডেকে আনল, তখন তা আবারও জোরালো আলোচনায় চলে এল। আটলান্টিক মহাসাগর পেরিয়ে বিপর্যয় দ্রুত হানা দিল ইউরোপে, তারপর এশিয়ায়। তুলনামূলকভাবে এশিয়া কম আক্রান্ত হলো। সেই থেকে আবার বেশ জোরেশোরে বলা শুরু হলো, বিশ্ব অর্থনীতির শক্তির কেন্দ্র এশিয়ামুখী হয়ে পড়ছে। এবং এই ধারাবাহিকতাকেই একুশ শতকটি হবে এশীয় শতক (এশিয়ান সেঞ্চুরি)।এশীয় শতকের বিষয়টি যে বাস্তবতা, তা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো যথাক্রমে চীন ও জাপান। বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছে, ২০৫০ সাল নাগাদ আমেরিকাকে টপকে চীন উঠে আসবে বিশ্ব অর্থনীতির শীর্ষ স্থানে। একইভাবে ভারতও ওপরের দিকে উঠে আসবে। ইতিমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০৫০ সাল নাগাদ এশিয়ার অর্থনীতির মূল চালিকা হবে যে আটটি দেশ তার একটি তালিকা প্রকাশ করেছে। দেশগুলো হলো: চীন, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম।এডিবির প্রাক্কলন অনুসারে ২০৫০ সালে বিশ্ব অর্থনীতির অর্ধেকই উৎসরিত হবে এশিয়া থেকে। কিন্তু এশীয় শতক বাংলাদেশের জন্য কী তাৎপর্য বয়ে এনেছে? উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক এই নিবন্ধজুড়ে।বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী দিনেও এই সম্পৃক্ততা বাড়বে বৈ কমবে না। সম্পৃক্ততার বিষয়টি প্রতিফলিত হয় বাণিজ্যের মাধ্যমে। বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের ধরনটি বিশ্লেষণ করলে দেখা যায়, ইউরোপ ও আমেরিকা হলো রপ্তানির বাজার। আর এশিয়া হলো আমদানির প্রধান উৎস। এশিয়ার মধ্যে মূলত চীন ও ভারত থেকেই বাংলাদেশ বৃহত্তর আমদানিটি সম্পন্ন করে থাকে। কিন্তু চীন ও ভারত যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে এসব দেশে রপ্তানি বাড়ানোর সুযোগও তৈরি হচ্ছে। নানা প্রতিবন্ধকতার পরও ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির প্রবণতা সেটাই প্রমাণ করে।তবে রপ্তানি বাড়ানোর মূল কাজটি করতে হবে দেশের উদ্যোক্তাগোষ্ঠীর। বলা যেতে পারে, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরাই বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশি উদ্যোক্তাদের পদচারণের অগ্রনায়ক। এখনো তাঁরাই নেতৃস্থানীয়। পাশাপাশি এখন উঠে আসছে জাহাজ নির্মাণ, ওষুধ, চামড়া, হালকা প্রকৌশল ইত্যাদি খাত। আগামী কয়েক দশকে যে দেশগুলোকে এশিয়ার অগ্রযাত্রার শীর্ষে থাকবে, সেসব দেশে বিপুল পরিমাণ সামগ্রিক চাহিদা তৈরি হবে। এই চাহিদা পূরণের জন্য একদিকে তাদের প্রয়োজন হবে অবিরত বিরাট বিনিয়োগ, অন্যদিকে বাইরে থেকেও বিভিন্ন পণ্যসেবা আমদানি করতে হবে। বাংলাদেশের দিক থেকে সেই চাহিদার কিছুটা জোগান দেওয়ার সুযোগ রয়েছে। সেই জোগান দেওয়ার মানেই হলো রপ্তানি বাড়ানো। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের দিক থেকে সুযোগ গ্রহণের সক্ষমতা জোরালো। নিকটতম প্রতিবেশী ভারত আর অদূরের প্রতিবেশি চীন। অনেকেই বলে থাকেন, এটা বাংলাদেশের একটি অনন্য অবস্থান। আছে সমুদ্রবন্দর। আছে বিশাল শ্রমশক্তি, যা এখনো বেশ সস্তা। আর আছে উদ্যোক্তাশ্রেণীর তৎপরতা। দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তারা ক্রমেই সামনের সারিতে আসন করে নিচ্ছেন। তাঁরা চাইছেন বিশ্ববাজারে অবস্থান করে নিতে। তবে এই চাওয়া বা প্রয়াসের ক্ষেত্রে দুটি বিষয় জরুরি। প্রথমটি হলো, রাষ্ট্রীয়ভাবে নীতি সমর্থন। দ্বিতীয়টি হলো, উদ্যোক্তাদের সক্রিয়তা। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর মনে করেন, বাংলাদেশের বর্তমান বাণিজ্যনীতি হলো পশ্চিমমুখী। তবে বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ বলয় হিসেবে এশিয়ার যে উত্থান ঘটছে, তাতে বাণিজ্যনীতিকে পুবমুখী বা এশিয়ামুখী করতে হবে। বিশেষত, চীন ও ভারতের উত্থানকে বিবেচনায় নিয়ে আঞ্চলিক সম্পৃক্ততায় ও ভৌত যোগাযোগ সম্প্রসারণে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তিনি আরও মনে করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই বাংলাদেশি উদ্যোক্তাদের বাণিজ্যের গতিমুখ পরিবর্তন করে বড় সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করবে। উদ্যোক্তাদের দিক থেকে বড় করণীয় অবশ্য পণ্যের বহুমুখীকরণ। আর তা বৈশ্বিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে। বিষয়টি ব্যাখ্যা করে আহসান মনসুর বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের উচিত হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য কাজ করা। পূর্ব এশিয়া ও ভারতে প্রচুর যৌথ বিনিয়োগ দেখা যায়। বাংলাদেশি উদ্যোক্তারাও এভাবে তাঁদের বিদেশি অংশীদার খুঁজে নিয়ে লাগসই যৌথ বিনিয়োগ করতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের প্রযুক্তিগত উৎকর্ষ যেমন বাড়বে, তেমনি বাড়বে ব্যবস্থাপনাগত দক্ষতা। আবার বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার সুবাদে বিদেশে বাজার সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিমও মনে করেন, বাংলাদেশি উদ্যোক্তাদের সামনে সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুযোগকে কাজ লাগাতে হলে প্রথমেই কিছু নীতিগত সংস্কার অপরিহার্য। আর এই সংস্কারের কাজটি সরকারকেই করতে হবে। বিশেষভাবে জোর দিতে হবে অবকাঠামোগত প্রতিবন্ধকতা অপসারণের দিকে। ঢাকা চেম্বারের সভাপতি ব্যাখ্যা করে বলেন, দ্রুতগতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়ন করতে হবে। জ্বালানি-সংকট নিরসনের জন্য নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে হবে। দেশের অনেক উদ্যোক্তা কারখানা স্থাপন করলেও গ্যাস-বিদ্যুতের অভাবে ঠিকমতো চালাতে পারছেন না। আবার অনেকে কারখানা সম্প্রসারণের জন্য মুলধনি যন্ত্রপাতি আমদানি করতে চাইলেও ব্যাংকঋণের চড়া সুদের জন্য অগ্রসর হতে পারছে না। ঢাকা চেম্বারের সভাপতি আরও বলেন, বেসরকারি খাত সব সময়ই সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। কেননা, উদ্যোক্তারা দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করেন, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। সে জন্যই তাঁরা নীতি-সহায়তায় গুরুত্ব দেন।আসিফ ইব্রাহিম মনে করেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি), ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, পাদুকা প্রভৃতি খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। এগুলোর জন্য নীতি-সমর্থন পণ্য বহুমুখীকরণকে অর্থবহ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশের সম্ভাবনার বিষয়টি এখন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্লেষণে স্থান করে নিচ্ছে। ২০০১ সালে ব্রিক (ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন) জোটের ধারণা, প্রবর্তন করার পর গোল্ডম্যান স্যাক্সের তৎকালীন প্রধান অর্থনীতিবিদ জিম ওনিল ২০০৫ সালে নেক্সট ইলেভেন (এন-১১) ধারণাটি প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত করা হয় ১১টি দেশকে: দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক, ফিলিপাইন, মিসর, ভিয়েতনাম, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ ও ইরান। এ রকম একাধিক বিশ্লেষণে বাংলাদেশ আসছে। যদিও এডিবি ২০৫০ সাল নাগাদ এশিয়ার অর্থনীতির প্রধান চালিকা হিসেবে যে আটটি দেশের নাম করেছে, তাতে বাংলাদেশ নেই। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে বিস্ময় ও কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আশাবাদী যে শেষ পর্যন্ত বাংলাদেশকে গুরুত্বের তালিকায় নিতেই হবে। বস্তুত মুক্তিযুদ্ধের ৪০ বছর পর বাংলাদেশ যখন স্বাধীনতার চার দশক পূর্তির বছরে রয়েছে, তখন অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগকে কাজে লাগানোর ইতিবাচক প্রয়াসগুলো সফল করার মূল চ্যালেঞ্জটি বাংলাদেশের উদ্যোক্তাদেরই নিতে হচ্ছে।