এসআইবিএল নতুনভাবে সঞ্চয় প্রকল্পগুলো সাজিয়েছে
বেসরকারি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) তাদের সেবার ভাবমূর্তি উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। স্বাধীনতার মাস মার্চকে সামনে রেখে ব্যাংক এই কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে এসআইবিএল তাদের চারটি সঞ্চয় প্রকল্প নতুনভাবে সাজিয়েছে। প্রকল্পগুলোয় আমানতকারীদের আগের চেয়ে বেশি মুনাফা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। সঞ্চয় প্রকল্পগুলোকে নতুন আঙ্গিকে উপস্থাপন, রপ্তানিকারকদের সম্মাননা, রক্তদান কর্মসূচিসহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে আজ ১ মার্চ থেকে। এই মাসকে তারা বিশেষ সেবার মাস হিসেবে ঘোষণা দিয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার এসব কর্মসূচির ঘোষণা করেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল, উপব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম চৌধুরী, শফিকুর রহমান প্রমুখ।মুহাম্মদ আলী বলেন, সঞ্চয় প্রকল্পগুলো নতুনভাবে সাজানোর উদ্দেশ্য হলো ব্যাংকের শক্তিশালী আমানতের ভিত্তি গড়ে তোলা। তবে শুধু এই প্রকল্পগুলোই নয়, সার্বিকভাবে আমানত সংগ্রহের জন্য ব্যাংকটি পল্লি এলাকাকে অগ্রাধিকার দিতে চায়। ব্যবস্থাপনা পরিচালক জানান, তাঁদের ব্যাংকের ৬০ শতাংশ শাখা পল্লি এলাকায়। তাই পল্লি এলাকার মানুষকে খুব সহজ প্রক্রিয়ায় সঞ্চয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাঁরা একদিকে তাঁদের আমানতের ভিত্তি সুদৃঢ় করতে, অন্যদিকে অধিক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান উদ্যোগে সামিল হতে চান। তবে মুহাম্মদ আলী বলেন, আমানতের মুনাফার হার বাড়ানোর কারণে তাঁদের ব্যাংকে ঋণের খরচ বাড়বে না। বাংলাদেশ ব্যাংক উৎপাদনশীল খাতে ঋণের সুদের হারের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশের যে সীমা আরোপ করেছে, বিনিয়োগের সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাঁরা তা মেনে চলছেন। অনুষ্ঠানে জানানো হয়, নতুনভাবে সাজানো সঞ্চয় প্রকল্পগুলোর বিভিন্ন নামকরণ করা হয়েছে। এগুলো হলো, স্বপ্নের সিঁড়ি, স্বাচ্ছন্দ্য প্রতিদিন, সমৃদ্ধির সোপান ও সোনালি দিন। স্বপ্নের সিঁড়ি সঞ্চয় প্রকল্পের আওতায় নির্দিষ্ট মাসিক কিস্তি দিয়ে একজন গ্রাহক ২, ৩, ৫ অথবা ১০ বছর মেয়াদে লাখপতি হতে পারবেন। স্বাচ্ছন্দ্য প্রতিদিন প্রকল্পের আওতায় এক লাখ টাকা জমা দিয়ে মাসে এক হাজার টাকা মুনাফা পাওয়া যাবে। সমৃদ্ধির সোপান প্রকল্পে জমা করা টাকা ছয় বছরে দ্বিগুণ হবে। সোনালি দিন প্রকল্পে স্বল্প টাকা মাসিক কিস্তিতে জমা দিয়ে এককালীন বা মাসিক পেনশন আকারে আকর্ষণীয় মুনাফা পাওয়া যাবে।