বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যানসহ চার পরিচালক শেষ পর্যন্ত পদ হারিয়েছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের দেওয়া রায়ে পরিচালক পদ হারান তাঁরা।পরিচালকেরা হলেন—বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, তসলিমা আক্তার, শাহ আলম ও জহুরা আলম।মেসার্স হোমল্যান্ড ফুটওয়্যার নামক খেলাপি প্রতিষ্ঠানের সঙ্গে মালিকানায় জড়িত থাকা এবং এই মালিকানার তথ্য গোপন করার দায়ে ২০০২ সালে বাংলাদেশ ব্যাংক তাঁদের পরিচালক পদ থেকে অপসারণ করে। অপসারণ আদেশটির বিরুদ্ধে তাঁরা কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আপিল করেন। কিন্তু শুনানি চলাকালেই তাঁরা আবার উচ্চ আদালতে রিট আবেদন করেন। তবে রিট আবেদনটি খারিজ হয়ে যায়। এই অবস্থায় অপসারিত পরিচালকেরা আপিল বিভাগে যান। গতকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আবেদনটিও খারিজ করে দেন।এদিকে আপিল বিভাগে আবেদন করে এই পরিচালকেরা ব্যাংকের পর্ষদে থেকে যান। তাঁদের মধ্যে জহুরা আলম বেশ আগেই তাঁর ধারণকৃত শেয়ার বিক্রি করে পরিচালক পদ ছেড়ে দিয়েছেন। অন্য তিনজন পরিচালক পদে বহাল ছিলেন। গত ১২ জুন পরিচালনা পর্ষদের ২৫০তম সভায় কামাল উদ্দিন চেয়ারম্যান হন। তিনি আলিফ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি।দীর্ঘ নয় বছর পর চূড়ান্তভাবে অপসারিত হলেন তাঁরা। উল্লেখ্য, উচ্চতর আদালত এর আগে মেসার্স হোমল্যান্ড ফুটওয়্যারকে অবসায়িত ঘোষণা করেছে।