এসআইবিলের ১১ পরিচালকের দায়িত্ব পালনে স্থগিতাদেশ
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) পরিচালনা পর্ষদের ১১ জন সদস্যের দায়িত্ব পালনে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের পদ থেকে অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মহাব্যবস্থাপক (ব্যাংকিং ও পলিসি) এবং ১১ পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যাংকটির এক শেয়ারধারী রাকিমুল আল মামুন রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। ব্যাংকের ১১ জন পরিচালক হলেন: মো. আনিসুল হক, মোহাম্মদ আজম, আবদুল জব্বার মোল্লা, আবদুল আওয়াল পাটওয়ারী, ফয়সাল আহমেদ পাটওয়ারী, সুলতান মাহমুদ চৌধুরী, নাসিরুদ্দিন, এস কে মো. রাব্বান আলী, সায়েদুর রহমান, লিলি আমিন ও নুর-এ আলম চৌধুরী।