এসইজেড নিয়ে ভারতে আবার অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতবিরোধ
ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বিষয়ে নতুন নির্দেশনা নিয়ে দেশটির অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, জমি ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে প্রায় প্রতিটি বিষয়ে অর্থ মন্ত্রণালয় আপত্তি জানাচ্ছে। অথচ এখন দেশটির মোট রপ্তানির ৩০ শতাংশ আসছে এসইজেড থেকে।বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রপ্তানি বৃদ্ধি, বিপুল বিনিয়োগ ও লাখ লাখ লোকের কর্মসংস্থানের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে ভারতের অর্থনীতিতে এসইজেড বড় ভূমিকা রাখছে। আর তাই এসইজেড পুনঃপ্রচলন করতে হবে।বর্তমানে ভারতে ১৫৩টি এসইজেড সচল রয়েছে। আর স্থাপনের অপেক্ষায় আছে ২৩৬টি।ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় চাচ্ছে বিভিন্ন আয়তনের এসইজেডের জন্য ন্যূনতম জমির পরিমাণের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনতে। আর অঞ্চলের বাইরে থেকে রপ্তানিতে বিদ্যমান সুবিধার কিছু এসইজেডভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োগ করা। ২০০৬ সালে এসইজেড স্থাপনের প্রক্রিয়া শুরু হওয়ার সরকারি সিদ্ধান্ত গ্রহণ করার পরপরই ব্যাপক সাড়া পড়ে। বড় বড় প্রকল্প নিয়ে বিনিয়োগকারীরা এগিয়ে আসেন।তবে ২০১০-১১ অর্থবছরে এসইজেডগুলোর ওপর ন্যূনতম বিকল্প কর ও লভ্যাংশ বিতরণ কর আরোপ করা হয়। সূত্র: ইকোনমিক টাইমস।