এসইজেড পাচ্ছে আকিজ গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ একটি বেসরকারি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার অনুমোদন পেতে যাচ্ছে। ময়মনসিংহে নিজস্ব ১১০ একর জমির ওপরে এই এসইজেডটি প্রতিষ্ঠা করবে তারা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আজ বুধবার তাদের প্রাক্-যোগ্যতা লাইসেন্স দেবে।
এই অর্থনৈতিক অঞ্চলের নাম হবে ‘আকিজ ইকোনমিক জোন’। এতে আকিজ নিজেরা বিনিয়োগ করবে, পাশাপাশি অন্যান্য কোম্পানিও বিনিয়োগের সুযোগ পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে তারা ওই এসইজেডে পার্টিকেল বোর্ড ও এমডিএফ বোর্ড তৈরির দুটি কারখানা করবে। এ ছাড়া ফরমালডিহাইড, আঠা, সিগারেটের প্যাকেটের মোড়কের পলিথিন তৈরির কারখানা করার পরিকল্পনাও আছে আকিজের।
আকিজ গ্রুপের ব্যবস্থাপক (বিমা ও ঝুঁকি) মীর মো. মহসীন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ১১০ একরের প্রস্তাব দেওয়া হলেও এই এসইজেডের আয়তন আরও বাড়তে পারে। আরও জমি কেনা হচ্ছে।
মো. মহসীন বলেন, আকিজ ইকোনমিক জোনে যে পার্টিকেল ও এমডিএফ বোর্ডের দুটি আলাদা কারখানা নির্মাণের পরিকল্পনা হচ্ছে, তা হবে এ খাতে দেশের সবচেয়ে বড় কারখানা। উল্লেখ্য, পার্টিকেল বোর্ড ও এমডিএফ বোর্ড কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এ দিয়ে আসবাব তৈরি করা হয়।
বর্তমানে মানিকগঞ্জে আকিজের একটি পার্টিকেল বোর্ড তৈরির মিল আছে। এ ছাড়া তাদের সিমেন্ট, পাট, তামাক, সিরামিক, ওষুধ, আবাসন, গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে।
সরকার ২০৩০ সালের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করছে। এর কিছু হবে বেসরকারি খাতে। ইতিমধ্যে বেসরকারি খাতে ১১টি এসইজেডের অনুমোদন দেওয়া হয়েছে। এসইজেডে বিনিয়োগে কর অবকাশসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়।
আকিজ ইকোনমিক জোনটি হবে ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের খাগাতিপাড়া মৌজায়। বেজায় দেওয়া প্রস্তাবে আকিজ উল্লেখ করেছে, তারা যেসব জমি কিনেছে তা উঁচু-নিচু অফসলি জমি। এর মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এখানে তারা প্রায় ১ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চায়। এ জন্য ৩২০ কোটি টাকা মূলধন হিসেবে জোগান দেওয়া হবে এবং বাকি ৬৮০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হবে। এ অর্থনৈতিক অঞ্চলে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে আকিজ।
আকিজ ইকোনমিক জোনে শ্রমিক ও তাদের পরিবারের জন্য আবাসন, বিদ্যালয়, খেলার মাঠ ও ন্যায্যমূল্যের দোকান থাকবে। সেখানে কারখানাগুলো পরিবেশবান্ধব করার জন্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারও (সিইটিপি) নির্মাণ করা হবে।
মীর মো. মহসীন জানান, আকিজ ইকোনমিক জোনের জমির উন্নয়নকাজ শেষ করা হয়েছে।