এসইজেড হলে ভুটানে বিনিয়োগে আগ্রহী এ দেশের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত থাকায় ভুটান সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা করা হলে সেখানে বিনিয়োগ করতে চান এ দেশের ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক, কৃষি, পর্যটন, ওষুধ, সিরামিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ব্যবসায়ীরা।দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) একটি প্রতিনিধিদল বিষয়টি ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলেকে এ প্রস্তাব দেয়। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ২৮ মে থেকে ভুটান সফর করেন। তখন এই প্রস্তাব দেওয়া হয়। প্রতিনিধিদলটি ৩১ মে দেশে ফিরে আসে। এফবিসিসিআই থেকে গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।ভুটান সফরে ব্যবসায়ী প্রতিনিধিদলটি ভুটানের রাজা জিগমে খিজার নামগিল ওয়াংচুক, অর্থনীতিবিষয়ক মন্ত্রী খানদুর ওয়ানচুং এবং কৃষি ও বনমন্ত্রী পেমা জিয়াস্টোর সঙ্গেও দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করে।