এসইজেডগুলোতে সিইটিপি স্থাপনে সহায়তা দিতে চায় ওয়াটার রিসোর্সেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপনে কারিগরি সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহযোগী সংস্থা ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ। গতকাল বুধবার এসইজেডে বর্জ্য পরিশোধনাগার স্থাপন করে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত এক মতবিনিময় সভায় সংস্থাটির কর্মকর্তারা এই আগ্রহ দেখান।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও আইএফসি যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে বেজা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী উপস্থিত ছিলেন।
বেজা এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটি এখন পর্যন্ত বেসরকারি খাতে ১০ কোম্পানিকে ১২টি এসইজেড প্রতিষ্ঠার প্রাক-যোগ্যতা লাইসেন্স দিয়েছে। এ ছাড়া সংস্থাটি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দুটি এসইজেড প্রতিষ্ঠা করছে।
ওয়াটার রিসোর্সেস গ্রুপের কর্মকর্তা জাবেদ বিন করিম বলেন, সিইটিপি স্থাপন করে শিল্পবর্জ্য পরিশোধন করে পানি আবার ব্যবহারের উপযোগী করা যায়। তিনি এ নিয়ে বেজার সঙ্গে কাজ করার আগ্রহ দেখান।
পবন চৌধুরী বলেন, এসইজেডে বর্জ্য পরিশোধন একটি লাভজনক ব্যবসা হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি এটি পরিবেশদূষণ রোধ করবে।