এসইজেডে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্লট দাবি
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দের দাবি করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন নেতৃত্ব। একই সঙ্গে এসইজেডের কারখানার জন্য পশ্চাৎমুখী শিল্প স্থাপনের জন্য নীতিমালা করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন ঢাকা চেম্বারের নতুন কমিটির নেতারা। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসিসিআইয়ের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আবুল কাসেম খান। আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকা চেম্বারের সহসভাপতি কামরুল ইসলাম ও হোসেন এ সিকদার প্রমুখ। মন্ত্রণালয় ও ঢাকা চেম্বারের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আবুল কাসেম খান বলেন, ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধি, ঋণের উচ্চ সুদহার, ঘন ঘন বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পণ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। এ জন্য ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসের জন্য শিল্প মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ঢাকা চেম্বারের সভাপতি বলেন, সম্প্রতি বাংলাদেশি পাটপণ্যের ওপর ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ জন্য পাটপণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে অনুরোধ করেন তিনি।
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং আরোপের বিষয়টি নিয়ে কলকাতা সফরে কথা বলবেন বলে জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি জানান, তৃতীয় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নিতে আজ বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন। সফরের সময় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ ভারতের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলবেন।
শিল্পমন্ত্রী বিসিক শিল্পনগরী ও এসইজেডে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।