এসইজেডে জমির ভাড়া যাচাইয়ে কমিটি গঠন
দেশে সরকারি উদ্যোগে তৈরি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) জমি ও ভবনের স্থাপনার ভাড়ার প্রস্তাবিত হার পরীক্ষা করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির প্রধান হবেন অর্থসচিব মাহবুব আহমেদ। তবে এর সদস্যসংখ্যা কত হবে এবং কে কে কমিটিতে থাকবেন তা ঠিক হয়নি বলে জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বেজার গভর্নিং বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় এসইজেডের জমির ভাড়ার হার বছরে প্রতি বর্গমিটারে ১ থেকে ৩ ডলার করার প্রস্তাব দিয়েছিল বেজা।
সভা শেষে পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, সভায় ২৮টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভাড়ার হার অনুমোদন হয়নি। এটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করা যায়, কমিটি দুই মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে।
এদিকে বেজা এক বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নিং বোর্ডের সভায় ওয়ান স্টপ সার্ভিস আইন প্রণয়নের জন্য নীতিগত অনুমোদন, অর্থনৈতিক অঞ্চলের জন্য ভবন নির্মাণ বিধিমালা ও চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।