এসইজেডে জমির ভাড়া কমিয়ে ধরছে সরকার
দেশের ১৬টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) জমির ইজারামূল্য বা ভাড়ার হার হবে প্রতি বর্গমিটারে বছরে ৩৫ সেন্ট থেকে ৮০ সেন্ট। এই হারে এককালীন ৫০ বছরের জন্য চুক্তি করে জমি ইজারা নিতে পারবেন বিনিয়োগকারীরা। তবে বছর ভিত্তিতে কোনো বিনিয়োগকারী জমি নিতে চাইলে তাঁকে প্রতি বর্গমিটারের জন্য ভাড়া দিতে হবে ৯০ সেন্ট থেকে সর্বোচ্চ ২ ডলার পর্যন্ত।
এসইজেডে জমির ভাড়ার এই হার সুপারিশ করেছে অর্থসচিব মাহবুব আহমেদের নেতৃত্বে একটি কমিটি। ভাড়ার এই হার চলতি মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের পঞ্চম সভায় অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদের ভাড়ার হারের প্রস্তাব বেজার গভর্নিং বোর্ডের সভায় তুলতে বলেছে। আমরা তুলব। তবে এখনো সভার তারিখ ঠিক হয়নি।’ উল্লেখ্য, সভাটি এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত জুলাই মাসে বেজার গভর্নিং বোর্ডের সভায় একটি ভাড়ার হার প্রস্তাব করা হয়েছিল। তবে সেটি অনুমোদন দেওয়া হয়নি। এর বদলে ভাড়ার প্রস্তাবটি পর্যালোচনার জন্য অর্থসচিবের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটিতে বাণিজ্যসচিব, ভূমিসচিব, শিল্পসচিব ও বেজার প্রতিনিধি ছিলেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেই কমিটি নতুন ভাড়ার হার প্রস্তাব করেছে। এই হার আগের হারের চেয়ে বেশ কম। যেমন গত সভায় উপস্থাপিত প্রস্তাবে এককালীন চুক্তির ক্ষেত্রে প্রতি বর্গমিটারে বছরে এক ডলার করে ভাড়া প্রস্তাব করা হয়েছিল। এবারের প্রস্তাবে উন্নত জমির ক্ষেত্রে শূন্য দশমিক ৭০ থেকে শূন্য দশমিক ৮০ ডলার, অনুন্নত জমির ক্ষেত্রে শূন্য দশমিক ৩৫ ডলার থেকে শূন্য দশমিক ৪০ ডলার ভাড়ার প্রস্তাব করা হয়েছে। এভাবে অন্যান্য ক্ষেত্রেও আগের চেয়ে ভাড়ার হার কমিয়ে ধরা হয়েছে।
বেজা প্রথমে যে প্রস্তাবটি দিয়েছিল, সেখানে ভাড়া ধরা হয়েছিল ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অঞ্চল ও বাণিজ্যিক জমির ভাড়া পর্যালোচনা করে এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ওপর পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ বিবেচনায় নিয়ে। ছয় সদস্যের একটি কমিটি এ পর্যালোচনা করেছিল।
এ বিষয়ে মতামত জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, জমির ভাড়া ঠিক করতে হবে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে। ভাড়া বাজারদরের চেয়ে অনেক কম হলে অপ্রয়োজনে জমি নিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হতে পারে, যেটা হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এলাকাগুলোতে। এতে আসল উদ্যোক্তারা জমি পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তিনি বলেন, ভাড়া বেশি হলে আবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) জন্য বাড়তি ব্যয়ের বিষয় হয়ে দাঁড়ায়। এ জন্য ভাড়ার হার শিল্পের আকার ভিত্তিতে একটু কম-বেশি করা যেতে পারে।
কোন এসইজেডে কত ভাড়া: প্রাথমিকভাবে মোট ১৭টি অর্থনৈতিক অঞ্চলের ভাড়ার হার প্রস্তাব করা হয়েছে। ‘ক’ ভাগে রাখা হয়েছে মিরসরাই, ফেনী, শ্রীহট্ট, ঢাকা, আড়াইহাজার-২ ও গজারিয়া অর্থনৈতিক অঞ্চলকে। এ ছয়টি অর্থনৈতিক অঞ্চলে এককালীন ৫০ বছরের চুক্তির ক্ষেত্রে বছরে প্রতি বর্গমিটার জমির ভাড়া ধরা হয়েছে শূন্য দশমিক ৮০ ডলার। অনুন্নত জমির ক্ষেত্রে তা শূন্য দশমিক ৪০ ডলার। বিশেষায়িত অবকাঠামোর ক্ষেত্রে ভাড়ার হার প্রস্তাব করা হয়েছে শূন্য দশমিক ৪৬ ডলার। বছরভিত্তিক চুক্তির ক্ষেত্রে প্রতি বর্গমিটার উন্নত জমির ভাড়া বছরে ২ ডলার, অনুন্নত জমির ভাড়া ১ ডলার এবং বিশেষায়িত অবকাঠামোর ভাড়া ১ দশমিক ২০ ডলার সুপারিশ করেছে কমিটি।
‘খ’ ভাগে ১০টি এসইজেডের মধ্যে রয়েছে কক্সবাজার এসইজেড, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল ১, ২, ৩ ও ৪, সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক এবং মোংলা অর্থনৈতিক অঞ্চল। এসব অর্থনৈতিক অঞ্চলে এককালীন চুক্তির ক্ষেত্রে প্রতি বর্গমিটার উন্নত জমির ভাড়া পড়বে বছরে শূন্য দশমিক ৭০ ডলার, অনুন্নত জমির ক্ষেত্রে শূন্য দশমিক ৩৫ ডলার ও বিশেষায়িত অবকাঠামোর ক্ষেত্রে শূন্য দশমিক ৪২ ডলার। বাৎসরিক হিসাবে প্রতি বর্গমিটার উন্নত জমির ক্ষেত্রে বছরে ১ দশমিক ৮০ ডলার, অনুন্নত জমির ক্ষেত্রে শূন্য দশমিক ৯০ ডলার, বিশেষায়িত অবকাঠামোর ক্ষেত্রে ১ দশমিক ০৮ ডলার। এর বাইরে একটি এসইজেডের প্রস্তাবিত ভাড়ার হার জানা যায়নি।
সেবা মাশুল ১০ শতাংশ: ওয়াসার পানির বিল, পরিশোধন ব্যয়, রি-সাইক্লিং ব্যয়, বিদ্যুতের সরবরাহ মূল্য, গ্যাসের ক্রয়মূল্য ও তরল বর্জ্য পরিশোধনে অপারেটরের চার্জের ওপর ১০ শতাংশ সেবা মাশুল (সার্ভিস চার্জ) দিতে হবে বিনিয়োগকারীদের। এ ছাড়া রেগুলেটরি পারমিটের ক্ষেত্রে (নিয়ন্ত্রকের অনুমোদন) অনুমোদন প্রতি ৫০০ টাকা, শিল্প ইউনিটের নিবন্ধন প্রতি ৫০০ ডলার, নকশা অনুমোদনে শিল্প ইউনিটের ক্ষেত্রে ১০ হাজার টাকা ও অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ফি ধরা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা সেবার চার্জ ধরা হচ্ছে প্রতি বর্গমিটারে বছরে শূন্য দশমিক ৫০ ডলার।
জমির ভাড়া
এককালীন: প্রতি বর্গমিটার ০.৩৫ থেকে ০.৮০ ডলার
বছরভিত্তিক: ০.৯০ থেকে ২ ডলার
বিশেষায়িত অবকাঠামোর ক্ষেত্রে
এককালীন: ০.৪২ থেকে ০.৪৬ ডলার
বছরভিত্তিক: ১.০৮ থেকে ১. ২০ ডলার
অর্থসচিবের নেতৃত্বে একটি কমিটি এ হার সুপারিশ করেছে, যা বেজার গভর্নিং বোর্ডের সভায় অনুমোদন হলেই কার্যকর হবে। এর আগে বেজা আরও বেশি হারে ভাড়ার সুপারিশ করেছিল