এসইজেডে জমির ভাড়া প্রতি বর্গমিটারে ১ থেকে ৩ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সরকারি উদ্যোগে তৈরি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগকারীদের জন্য প্রতি বর্গমিটার জমির ভাড়া হবে বছরে ১ থেকে ৩ মার্কিন ডলার। অন্যদিকে শিল্প স্থাপন বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য তৈরি করে দেওয়া ভবনের ভাড়া হবে প্রতি মাসে ৪ থেকে ৬ ডলার।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় আজ বুধবার জমির ভাড়ার (ট্যারিফ) হার অনুমোদন হওয়ার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নিং বোর্ডের চেয়ারপারসন হিসেবে এ সভায় সভাপতিত্ব করবেন। সভাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় এসইজেডে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন সেবার বিলের ওপর কিছু বাড়তি মাশুলের হারও নির্ধারণ করা হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে জানান, অনুমোদন হলেই ভাড়ার এ হার কার্যকর হবে। তিনি বলেন, ‘আমরা যে হার চাচ্ছি তা যাতে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়, সে চেষ্টা করব।’

দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য ২০৩০ সাল নাগাদ সরকার ১০০টি অর্থনৈতিক তৈরির পরিকল্পনা করেছে। বেজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জমি বরাদ্দ দেবে। এসব জমিতে বিনিয়োগকারীরা নিজেদের মতো করে অবকাঠামো তৈরি করে নেবেন। অন্যদিকে বেজাও ভবন তৈরি করে দেবে, সেগুলো ভাড়া নিতে পারবেন বিনিয়োগকারীরা। এসইজেডে বিনিয়োগকারীদের ১০ বছরের কর অবকাশ সুবিধাসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হবে।

গভর্নিং বোর্ডে উপস্থাপনের জন্য বেজার তৈরি করা প্রস্তাব অনুযায়ী, এককালীন ৫০ বছরের জন্য জমি নিতে চাইলে প্রতি বর্গমিটারে বছরে ১ ডলার করে ভাড়া দিতে হবে। অর্থাৎ, কেউ যদি ১০০ বর্গমিটার জমি ভাড়া নেন তাহলে তাঁকে ৫০ বছরের জন্য মোট ৫ হাজার ডলার এককালীন প্রদান করতে হবে।

উন্নত জমির ক্ষেত্রে উৎপাদন এলাকার জন্য প্রতি বর্গমিটারে বছরে ৩ ডলার এবং কারখানা প্রাঙ্গণ, জলাশয় ও অন্যান্য জমির জন্য ২ ডলার করে ভাড়া দিতে হবে। এ ভাড়া বছর ভিত্তিতে পরিশোধ করতে পারবেন বিনিয়োগকারীরা।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল, বর্জ্য পরিশোধনাগার নির্মাণসহ কিছু ক্ষেত্রে ভাড়ায় ছাড় মিলবে। এ ক্ষেত্রে জমির ভাড়া হবে মোট জমির ভাড়ার ৮০ শতাংশ।

বেজা জানিয়েছে, অনুমোদন হলে এসব হার কার্যকর থাকবে ২০২২ সাল পর্যন্ত। এরপরে কেউ জমি নিতে চাইলে সে ক্ষেত্রে নতুন হার নির্ধারণ করা হতে পারে।

শিল্পের বাইরে বাণিজ্যিক ও আবাসিক ভবনের জন্যও জমি দেবে বেজা। এ ক্ষেত্রে প্রতি বর্গমিটার জমির জন্য বছরে ১ ডলার করে ৫০ বছরের ভাড়া হবে ৫০ ডলার। এ ভাড়া এককালীন পরিশোধ করতে হবে। বেজার তৈরি করা ভবনে কারখানা করার ক্ষেত্রে ভাড়া হবে প্রতি বর্গমিটারে মাসে ৪ ডলার। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ভাড়া হবে ৬ ডলার।

ওয়াসার পানির বিল, পরিশোধন ব্যয়, রিসাইক্লিং ব্যয়, বিদ্যুতের সরবরাহ মূল্য, গ্যাসের ক্রয়মূল্য ও তরল বর্জ্য পরিশোধনে অপারেটরের চার্জের ওপর ১০ শতাংশ সেবা মাশুল (সার্ভিস চার্জ) দিতে হবে বিনিয়োগকারীদের। এ ছাড়া রেগুলেটরি পারমিটের ক্ষেত্রে (নিয়ন্ত্রকের অনুমোদন) অনুমোদন প্রতি ৫০০ টাকা, শিল্প ইউনিটের নিবন্ধন প্রতি ৫০০ ডলার, নকশা অনুমোদনে শিল্প ইউনিটের ক্ষেত্রে ১০ হাজার টাকা ও অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ফি ধরা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা সেবার চার্জ ধরা হচ্ছে প্রতি বর্গমিটারে বছরে শূন্য দশমিক ৫০ ডলার।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, বেজার মালিকানা ও পরিচালনাধীন অর্থনৈতিক অঞ্চলের জমির ট্যারিফ নির্ধারণের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অঞ্চল ও বাণিজ্যিক জমির ট্যারিফ পর্যালোচনা করে এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ওপর পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ বিবেচনায় নিয়ে সরকারি এসইজেডের জমির ভাড়ার সুপারিশ করেছে।

তবে বোর্ড সভায় এসইজেড প্রতিষ্ঠার প্রথম দুই বছরের ক্ষেত্রে ভাড়ার হার ২৫ শতাংশ কমবেশি করার সুযোগ চাইবে বেজা। পবন চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের প্রণোদনা দেওয়ার জন্য ভাড়ার হার কিছুটা কমানো অথবা চাহিদা বেশি থাকলে বাড়ানোর ক্ষমতা নির্বাহী বোর্ডকে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে।

*জমির ভাড়া— এককালীন: প্রতি বর্গমিটার ১ ডলার

   বছরভিত্তিক: ২ থেকে ৩ ডলার

*ভবনের ভাড়া— কারখানা: বর্গমিটারে মাসে ৪ ডলার

   বাণিজ্যিক: বর্গমিটারে মাসে ৬ ডলার

*বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবার ওপর ১০ শতাংশ মাশুলের প্রস্তাব