এসইজেডে বিনিয়োগের আগ্রহ যুক্তরাজ্যের
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) যুক্তরাজ্য বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থনৈতিক উন্নয়ন বিভাগের মহাপরিচালক ডেভিড কেনেডি আরও সুনির্দিষ্ট করে বলেন যে তথ্যপ্রযুক্তি, ওষুধ, রসায়ন ইত্যাদি খাতে বিনিয়োগের আগ্রহ রয়েছে তাঁদের দেশের ব্যবসায়ীদের।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার ঢাকা সফররত ডেভিড কেনেডির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আলিসন ব্ল্যাক প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, খুবই চমৎকার ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাজ্য আমাদের অন্যতম সেরা বন্ধু। মনে পড়ছে, স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে লন্ডন হয়ে দেশে ফিরেছিলেন।
বাংলাদেশে বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ২০০ প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিনিয়োগ আরও বাড়বে। অনেকেই আশঙ্কা করেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার কারণে দেশটির সঙ্গে আমাদের ব্যবসা কমে যায় কি না। তা হয়নি, মনে হয় হবেও না।
বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষিভিত্তিক শিল্প খাতেও যুক্তরাজ্য সরাসরি বিনিয়োগ করতে চায় বলে জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এসইজেডে বিনিয়োগে আমরা সব ধরনের সহযোগিতা দেব। তা ছাড়া বাংলাদেশে চমৎকার শিল্পনীতি রয়েছে। এখানে বিনিয়োগ করে সহজেই মুনাফা নিয়ে যাওয়া যায় নিজ দেশে—তা একেবারে আইনের মাধ্যমে সুরক্ষিত।’
অস্ত্র ছাড়া সব পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেয় বলেই বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশ বরাবরই অনুকূল অবস্থায় রয়েছে বলে বাণিজ্যমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০২১ সালে দেশের ৫০ বছর পূর্তিতে ছয় হাজার কোটি ডলারের যে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে এককভাবে পোশাক খাতের লক্ষ্যমাত্রা পাঁচ হাজার কোটি ডলার বলে তথ্য দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী সরকার নতুন নতুন পণ্য রপ্তানিতে নগদ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। রপ্তানি বাজার সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রী যুক্তরাজ্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাজ্যে ৩৮০ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে দেশটি থেকে আমদানি করা হয়েছে ২৭ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য। একক রপ্তানি গন্তব্যস্থলের দিক থেকে যুক্তরাষ্ট্র ও জার্মানির পরই যুক্তরাজ্যের অবস্থান।
ডিএফআইডির মহাপরিচালক ডেভিড কেনেডি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। বাংলাদেশের সরকারঘোষিত এসইজেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।