এসইজেডে ভারতীয়দের বিনিয়োগের আহ্বান
প্রস্তাবিত কুষ্টিয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে ১০০টি এসইজেড স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের কাজ চলছে। কুষ্টিয়ায় প্রস্তাবিত এসইজেডে ভারতের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করলে তাঁরা লাভবান হবেন।
সচিবালয়ে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তার আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা মতবিনিময় করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে বাণিজ্য বাড়ানো হবে। সীমান্ত হাট চালু হওয়ায় উভয় দেশের মানুষের মধ্যেই আগ্রহ সৃষ্টি হয়েছে। মানুষ আরও সীমান্ত হাট চাইছেন। দুই দেশের সরকার হাটের সংখ্যা ও পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নেবে।
হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ থেকে ভারতে কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভারতের অনেক শিল্পকারখানা বাংলাদেশের কাঁচা পাটের ওপর নির্ভরশীল। তাই শিগগিরই বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের জন্য গত বছরের ৩ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অবশ্য ১৫ ডিসেম্বর নির্দেশনাটি কিছুটা শিথিল করে বলা হয়, কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে রপ্তানি করা যাবে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় ও ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সোয়াইকা।