এসইসি-ডিএসইর দল নামায় দরপতন থামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার লেনদেন শেষে মূল্যসূচক বেড়েছে। আগের দিনের ধারবাহিকতায় দরপতন দিয়েই দিনের লেনদেন শুরু হয়েছিল। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক লেনদেন শুরুর ২০ মিনিটের মধ্যেই আগের দিনের চেয়ে প্রায় ১৫৬ পয়েন্ট কমে যায়। সূচকও নেমে আসে পাঁচ হাজার পয়েন্টের নিচে। এই অবস্থায় শেয়ারের অস্বাভাবিক বিক্রির চাপ ও তার কারণ খতিয়ে দেখতে মাঠে নামে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ডিএসইর যৌথ পরিদর্শন দল। প্রতিদিন লেনদেনের শীর্ষে থাকা বেশ কিছু ব্রোকারেজ হাউসে যায় তারা। এতে ওই সব হাউস থেকে বিক্রির চাপ কমতে থাকে, যা মূল্যসূচকের পতন ঠেকাতে সহায়তা করে। পাশাপাশি বড় দরপতন ঠেকাতে এসইসি বেশ কিছু প্রতিষ্ঠানকে বাজারে সক্রিয় রাখার চেষ্টা চালায়। যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসইসি ও ডিএসই মিলিয়ে গতকাল ১০টি দল বিভিন্ন ব্রোকারেজ হাউস পরিদর্শন করেছে। শেয়ার কেনাবেচায় যথাযথ নিয়ম পরিপালন করা হচ্ছে কি না, ইত্যাদি নানা বিষয় তদারকিতে এসব দল কাজ করেছে। বাজারের সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত কাজের অংশ হিসাবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসব দল পাঠানো হয়েছে।’এদিকে দরপতনের প্রতিবাদে গতকালও রাজধানীর মতিঝিল ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। একই সঙ্গে তাঁরা এসইসির কাছে ১০ দফা প্রস্তাবনাও জমা দিয়েছেন। দুপুরের দিকে বিক্ষোভকারীদের একাংশ মিছিল নিয়ে দিলকুশায় জীবন বীমা ভবনে অবস্থিত এসইসি কার্যালয়ের সামনে জড়ো হয়। একপর্যায়ে সেখানে আকস্মিকভাবে বিনিয়োগকারীদের তোপের মুখে পড়েন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। প্রত্যক্ষদর্শীরা জানান, এসইসির চেয়ারম্যানের সঙ্গে অনির্ধারিত এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় বিনিয়োগকারীরা ব্যাংকগুলোর বিনিয়োগ সম্পর্কে জানতে চাইলে বিএবি সভাপতি বলেন, ‘সবগুলো ব্যাংকই বাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে।’ পরে পুলিশের সহযোগিতায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত বুধবার প্রণোদনাগুচ্ছ ঘোষণা করে এসইসি। ওই প্রণোদনা ঘোষণার পরও গত রোববার বাজারে বড় দরপতন ঘটে। ওই দিনের দরপতনের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে এসইসির প্রতি সংশ্লিষ্ট ব্যক্তিরা আহ্বান জানান।কেউ কেউ অবশ্য রোববারের দরপতনের জন্য কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণ বাধ্যবাধকতা আরোপের বিষয়টিকেও কারণ হিসেবে উল্লেখ করেন। আগের দিনের বড় দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার সঙ্গে গতকাল থেকে ১২৭ কোম্পানির নগদ টাকার লেনদেন (স্পট মার্কেট ট্রেড) শুরু হয়। যেটিও দিনের শুরুতে দরপতনের পেছনে ভূমিকা রাখে। কিন্তু এসইসির তদারকি ও মাঠপর্যায়ে পরিদর্শনের প্রভাবে দিনশেষে মূল্যসূচক বাড়ে। বাজারচিত্র: দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ১৬০ পয়েন্ট বা ৩ দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২২৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২৫টিরই দাম বেড়েছে, কমেছে ২৪টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। ঢাকার বাজারে এদিন ৩৩১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১২০ কোটি টাকা কম। লেনদেন কমার পেছনে বড় কারণ ছিল ১২৭ কোম্পানির স্পট মার্কেটের লেনদেন।