অমনিবাসের আড়ালে থাকা বিপুল পরিমাণ গ্রাহক হিসাবকে আপাতত সরাসরি তদারকব্যবস্থার বাইরে রেখে নতুন সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রাজধানীর দিলকুশায় এসইসির নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার নতুন এই সফটওয়্যারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৯৩ সালে এসইসি প্রতিষ্ঠার পর এই প্রথম শেয়ারবাজার তদারকিতে নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব সফটওয়্যার স্থাপন করা হলো।নতুন সফট-ওয়্যারের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কে ফাঁকি দিয়েছেন, কে বা কারা নিজেদের মধ্যে লেনদেন করেছেন, কে অতিরিক্ত শেয়ার কিনেছেন, কে অতিরিক্ত বিক্রি করেছেন—এসব বিষয় এই সফটওয়্যারের মাধ্যমে এসইসি সহজে জানতে পারবে। পরে সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।’এর ফলে দেশের পুঁজিবাজার সত্যিকার অর্থে একটি ‘পুঁজিবাজার’ হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।এ সময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেয়ারবাজারের সুস্বাস্থ্যের জন্য দেড় বছর ধরে এসইসি যেসব নীতি ও আইনকানুন তৈরি করেছে, এই সফটওয়্যার চালুর ফলে তা প্রয়োগ সহজ হবে।মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব এই তদারকির বাইরে থাকার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট সময়ের পর মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে রূপান্তর হবে। তখন সেসব হিসাব এই সফটওয়্যারের আওতায় চলে আসবে।অর্থমন্ত্রী আরও বলেন, বাজারের ভুল সূচক দ্রুত সংশোধন করা হবে।বর্তমান বাজার-পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘নো কমেন্ট।’এসইসি জানিয়েছে, সফটওয়্যারটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন যন্ত্র বা ট্রেড সার্ভারের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। এতে বিশেষ ব্যবস্থায় ২০-২৫টি সূচক বা প্যারামিটার সংযুক্ত থাকবে। এসব সূচকের কোনোটিতে কোনো ধরনের কারসাজি ঘটলে তাৎক্ষণিকভাবে সফটওয়্যারটিতে একটি সংকেত পাওয়া যাবে। ওই সংকেতের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে সফটওয়্যারের মাধ্যমেই শনাক্ত করা যাবে কোন প্রতিষ্ঠানে ও কোন ব্যক্তি এই কারসাজির সঙ্গে যুক্ত রয়েছেন। জানা গেছে, আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘দ্বিতীয় পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় এসইসি এই নিজস্ব সফটওয়্যারটি স্থাপন করছে। শেয়ারবাজার তদারকিতে এখন পর্যন্ত এটিই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির তাৎক্ষণিক সময় (রিয়েল টাইম) সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম। বাজারের যেকোনো ধরনের কারসাজি তাৎক্ষণিকভাবে শনাক্ত করার বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে সফটওয়্যারটি পুরোপুরি কার্যকর হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম সিকদারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং দাতা সংস্থা এডিবির কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।