পুঁজিবাজারে তালিকাভুক্ত আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নিজেই এ কমিটি গঠন করেছে। এসইসির পরিচালক রেজাউল করিমকে প্রধান করে গতকাল মঙ্গলবার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন এসইসির সহকারী পরিচালক রাকিবুর রহমান। তদন্তের জন্য কমিটিকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেবে কমিটি। একই সঙ্গে কমিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনটিও পুনঃ নিরীক্ষা করবে। এর আগে এসইসির নির্দেশে ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন তদন্ত করে ডিএসই। কিন্তু ওই তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে নিয়ন্ত্রক সংস্থাকে জানায় ডিএসই। বরং একটি গুজবের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে অব্যাহতভাবে বাড়ছে। দুই মাসেরও কম সময়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। দুই মাস আগেও কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬৫০ থেকে ৭০০ টাকায় লেনদেন হতো। অথচ গতকাল এক পর্যায়ে শেয়ারটি সর্বোচ্চ এক হাজার ৭৯৯ টাকায় উঠে যায়। এভাবে দাম বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণ রয়েছে কি না, কোম্পানির কাছে তা জানতে চেয়ে ১৬ আগস্ট চিঠি দেয় ডিএসই। এর জবাবে গত ১৮ আগস্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের বাড়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের কথা তাদের জানা নেই। এর এক দিন পরই এসইসি ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের মূল্য বাড়ার কারণ তদন্তের নির্দেশ দেয় ডিএসইকে। একই সঙ্গে ৩১ আগস্টের মধ্যে তদন্ত সম্পন্ন করে এসইসির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ নির্দেশের পরের দুই লেনদেন দিবসে শেয়ারটির দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করে। ফলে গত ২৪ আগস্ট কোম্পানিটির লেনদেন স্থগিত করে ডিএসই। ডিএসইর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ৩০ আগস্ট লেনদেন আবার চালু করা হয়। এ সময় পর পর দুই দিন শেয়ারটির ব্যাপক হারে মূল্যবৃদ্ধি ঘটে। দাম বাড়ার হার এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে শেয়ারটি ‘হল্টেড’ বা বিক্রেতা শূন্য হয়ে যায়। ডিএসইর পরিসংখ্যানে দেখা যায়, গত ১০ বছরে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের বিপরীতে সর্বোচ্চ আয় (ইপিএস) ছিল গত বছর, যার পরিমাণ মাত্র ১৮ টাকা। আর কোম্পানিটি এ যাবৎকালে সর্বোচ্চ ১৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে।