এসইসি নির্দেশনার বিরুদ্ধে রিটের শুনানি শেষ, রায় কাল
তালিকাভুক্ত প্রতিষ্ঠানের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে করা রিটের অবশিষ্ট শুনানি আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত এই শুনানি চলে। সব পক্ষের শুনানি শেষে কাল রায় দেওয়ার কথা জানান আদালত। গত বুধবার ও আজ রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এ-সংক্রান্ত রিটের শুনানি অনুষ্ঠিত হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলো ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।মোতাহার হোসেন বলেন, আজ সরকারের পক্ষে শুনানিতে আরও অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর এসইসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে আইনজীবী তানিয়া আমীর ও বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষে আইনজীবী ফজলে নূর তাপস শুনানিতে অংশ নেন। অন্যদিকে বাদীপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও এম জহির। এ ছাড়া স্বপ্রণোদিত হয়ে বিনিয়োগকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ড. কামাল হোসেন।সব পক্ষের শুনানি শেষে আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হয়। এ সময় কাল রায় দেওয়ার কথা জানান আদালত।প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে গত বছরের ২২ নভেম্বর নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে কয়েকজন পরিচালক চারটি রিট দায়ের করেন। গত বুধবার ও আজ আদালতে রিটগুলোর শুনানি চলে।