নর্দার্ন পাওয়ার সলিউশনের ৫০ শতাংশ রূপান্তরযোগ্য বন্ড ছাড়ার অনুমোদন দেয়নি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির এক সভায় গতকাল বুধবার এ বিষয়ে আলোচনা হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শেষ পর্যন্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়নি।এসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি তাদের মূলধন আরও ১৭৫ কোটি টাকা বাড়ানোর জন্য ৫০ শতাংশ রূপান্তরযোগ্য বন্ড ছাড়ার ব্যাপারে এসইসিতে আবেদন করে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল কমিশনের নিয়মিত সভায় আলোচ্যসূচি হিসেবে বিষয়টি আলোচনায় আনা হয়।বিস্তারিত আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র না থাকায় বিষয়টি অনুমোদন দেওয়া থেকে বিরত থাকে এসইসি।এসইসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, এসইসিতে জমা দেওয়া নর্দার্ন পাওয়ার সলিউশনের কাগজপত্রের কমতি রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে। ওই সব কাগজ পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।জানা গেছে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি টাকা। নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা অতিক্রম করলেই বাধ্যতামূলকভাবে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা। কিন্তু নর্দার্ন পাওয়ার আইপিওতে না গিয়ে রূপান্তর বন্ড ছেড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তাদের মূলধন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই বন্ডের ২৫ শতাংশ বছরভিত্তিতে এবং সম্পূর্ণ চার বছরে সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে। এ ছাড়া সব বন্ডই সম্পূর্ণ হস্তান্তরযোগ্য হবে।অভিযোগ উঠেছে, কোম্পানিটি বন্ডের আড়ালে বিপুল পরিমাণ টাকা বাজার থেকে তুলে নিতেই নতুন কৌশল নিয়েছে।মিউচুয়াল ফান্ড: গতকাল বুধবার এসইসির সভায় রিলায়েন্স ওয়ান নামে একটি মিউচুয়াল ফান্ডের বিবরণীপত্র বা প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে।এসইসি সূত্র জানিয়েছে, ১০ বছর মেয়াদি এই মিউচুয়াল ফান্ডটির আকার হবে ৫৫ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের পাঁচ কোটি ৫০ লাখ ইউনিটে বিভক্ত থাকবে। এর মধ্যে ১৬ কোটি ৫০ লাখ টাকার ইউনিট প্রাক-আইপিও প্লেসমেন্ট এবং বাকি ২৭ কোটি ৫০ লাখ টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে। আর বাকি ১১ কোটি টাকা উদ্যোক্তারা দেবেন।ফান্ডটির মূল উদ্যোক্তা রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস অব বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাধীন মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড স্কিম এক ও স্কিম দুই।