এসইসি হয়ে যাচ্ছে এসইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব বাংলাদেশ (এসইসিবি)।বিদ্যমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন-১৯৯৩-এর সংশোধন করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৈরি করা সংশোধিত আইনের খসড়া গত সপ্তাহে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এতে এসইসির নাম পরিবর্তনের কথাটি এসেছে। নতুন নামটি মন্ত্রিসভা কমিটিও পছন্দ করেছে বলে জানা গেছে। জানা গেছে, মন্ত্রিসভায় অনুমোদনের পর সংশোধিত আইনের খসড়াটির পরীক্ষা-নিরীক্ষাও (ভেটিং) এরই মধ্যে সম্পন্ন করেছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় আজ রোববার তা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাবে। কাল সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা কমিটির বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য ফের উপস্থাপন করা হবে এ আইনের খসড়া। আইন মন্ত্রণালয় অবশ্য নিজেও একটি নাম দিতে চেয়েছিল এসইসির। সেটি হচ্ছে: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু বাংলাদেশ ইস্পাত প্রকৌশল সংস্থার সংক্ষিপ্ত নাম বিএসইসি হওয়ায় এসইসির সংক্ষিপ্ত নাম শেষ পর্যন্ত এসইসিবি হচ্ছে।সংশোধিত আইনে সংস্থাটির সদস্যরা আর সদস্য থাকছেন না। তাঁরা হয়ে যাচ্ছেন কমিশনার। চেয়ারম্যান ও সদস্যরা বর্তমানে তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও সংশোধিত আইনে চেয়ারম্যান ও কমিশনাররা নিয়োগ পাবেন চার বছরের জন্য। তবে তাঁদের বয়সসীমা বর্তমানের মতো ৬৫ বছরই থাকছে। সংশোধিত আইনে দেশি-বিদেশি কর্তৃপক্ষের সঙ্গে সিকিউরিটিজ-সম্পর্কিত সহযোগিতা ও তথ্য বিনিময় চুক্তি করার ক্ষমতা দেওয়া হচ্ছে এ সংস্থাকে। কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে কোনো ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কর্তৃপক্ষ থেকে সিকিউরিটিজ লেনদেন-সম্পর্কিত তদন্তাধীন ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য ও রেকর্ড তলব করতে পারবে এ সংস্থা। বর্তমান এসইসির এই এখতিয়ার নেই। আইনে এ ছাড়া নতুন কিছু ধারা সংযোজিত হচ্ছে। যেমন: অস্থায়ী বা স্বল্প সময়ের জন্য কমিশন কোনো পরামর্শক বা উপদেষ্টা নিয়োগ করতে পারবে। বর্তমানে এ ধরনের কোনো সুযোগ নেই।এ ছাড়া সরকারি, স্থানীয় বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অনুদান ছাড়া কমিশনের অর্জিত অর্থ থেকে যেকোনো ব্যয় কমিশন নিজেই করতে পারবে।কমিশন যে অঙ্কের জরিমানা করবে, তার ১৫ শতাংশ কমিশনের তহবিলে জমা না দিয়ে কমিশনের জরিমানা আদেশের বিরুদ্ধে কোনো মামলা রুজু করা যাবে না বলে একটি ধারা সংযোজন করা হচ্ছে।কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিষয়ে বিদ্যমান আইনে আছে ‘সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশাবলি সাপেক্ষে, কমিশন প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিতে পারবে।’এটি পরিবর্তন করে করা হচ্ছে, ‘সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কমিশন প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিতে পারবে।’কাল মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর সংশোধিত আইনের খসড়াটি জাতীয় সংসদে পাঠানো হবে। এরপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এর খুঁটিনাটি বিশ্লেষণ করবে। তারপর তা বিল আকারে উপস্থাপন করা হবে জাতীয় সংসদে। যোগাযোগ করলে এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আইনটিকে যুগোপযোগী করার জন্য আমরা বেশ কিছু প্রস্তাব করেছি। এসইসিবি আমাদেরই প্রস্তাব।’ নামকরণসহ সংশোধিত আইনটি শিগগিরই পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন।